জাহানারা ইমামের তহবিলের শর্ত লংঘন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়
শহীদ মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমীর নামে প্রতিষ্ঠিত বৃত্তি তহবিলের শর্ত লংঘন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শহীদ জননী জাহানারা ইমাম ১৯৯১ সালে বিশ্ববিদ্যালয়ে ‘শাফী ইমাম রুমী স্মারক বৃত্তি তহবিল’ নামে সামাজিক বিজ্ঞান অনুষদের ছাত্র-ছাত্রীদের জন্য এই তহবিল প্রতিষ্ঠা করেন। শাফী ইমাম রুমী শহীদ জননীর বড় ছেলে।
অনুসন্ধানে জানা যায়, ১৯৯১ সালের ৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে স্মারক তহবিল গঠনের লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে উল্লেখ করা হয়, সামজিক বিজ্ঞান অনুষদের øাতক সম্মান শ্রেনীতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ছাত্র-ছাত্রী এমএসএস শ্রেনীতে অধ্যয়নরত অবস্থায় প্রতিমাসে এক হাজার টাকা করে পাবে।
চুক্তির ২ নং ধারার ‘গ’ অনুচ্ছেদে আরও উল্লেখ করা হয়, ‘তহবিলের অর্থানুকূল্যে প্রতি বছর সামাজিক বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত একটি ছোট অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি মঞ্জুরি ঘোষণা করা হইবে এবং অনুষ্ঠানে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মহান উদ্দেশ্য সম্পর্কে আলোচনা হইবে এবং বৃত্তিপ্রাপককে দাত্রী মিসেস জাহানারা ইমাম রচিত ‘একাত্তরের দিনগুলো’ নামক একখণ্ড বই উপহার দেয়া হইবে এবং এই অনুষ্ঠানের বিবরণ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হইবে।’
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট মিলনায়তনে ১৯৯৪ সালের ২৬ জুলাই অনুষ্ঠিত হয় রুমী স্মারক তহবিলের প্রথম অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামান। এছাড়া অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের øাতক (সম্মান) শ্রেনীতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রকে অর্থ ও জাহানারা ইমামের লেখা ‘একাত্তরের দিনগুলো’ প্রদান করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুমী স্মারক তহবিল প্রতিষ্ঠার শর্ত অনুযায়ী আর কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি ।
এ ব্যাপারে স্মারক তহবিলের সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আফম ইউসুফ হায়দার বিডিনিউজকে বলেন, অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব সামাজিক বিজ্ঞান অনুষদের। তারা উদ্যোগ নিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা করবে।
জানা যায়, চুক্তিতে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার কথা থাকলেও বর্তমানে মাসে মাত্র ৫০০ টাকা প্রদান করা হচ্ছে। ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক হাজার টাকার পরিবর্তে ৫০০ টাকা করে প্রদানের সিদ্ধান্ত নেয়।
চুক্তিতে এমএসএস শ্রেনীতে অধ্যয়নরত অবস্থায় টাকা প্রদানের কথা উল্লেখ করা হয়। কিন্তু বাস্তবে এমএসএস শ্রেনীতে অধ্যয়নরত অবস্থায় টাকা প্রদান করা হচ্ছে না। ২০০২ সালের বিএসএস পরীক্ষা হয় ২০০৪ সালে। ২০০৪ সালে প্রকাশ হয় ফলাফল । ওই সেশনের এমএসএস’র ক্লাশ শুরু হয়েছে প্রায় চার মাস আগে। কিন্তু এখনো বিএসএস’র বৃত্তির টাকা প্রদান করা হয়নি।
