বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
জেলার ধুনট উপজেলায় শুক্রবার দুপুরে বগুড়া-ধুনট সড়কের মাঠপাড়া এলাকায় বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম শোয়েব (৩০)। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা এক ঘন্টা ওই সড়ক অবরোধ করে রাখে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২ টার দিকে রিকশায় কাজে যাবার সময় মাঠপাড়া ঈদগাহ মাঠের কাছে ধুনটমুখি একটি বাস শোয়েবের রিক্সাকে ধাক্কা দেয়। এতে শোয়েব ও অপর এক বৃদ্ধ আহত হয়। গুরুতর আহত শোয়েবকে ধুনট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নেয়ার পর শোয়েব মারা যায়।
এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
