সিরাজগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা, আহত ২
বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া জনতা ব্যাংকের গার্ডের অস্ত্র লুটসহ ক্যাশ লুটের চেষ্টার অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছেন ব্যাংকের ম্যানেজার। এ ঘটনায় ব্যাংকের দুই কর্মচারী আহত হয়।
পুলিশ ও ব্যাংকসূত্রে জানা গেছে, জনতা ব্যাংকের ধুকুরিয়া শাখায় আব্দুল বারেকের আত্মীয়ের ঋণ ছিল। এ নিয়ে ব্যাংক ম্যানেজার নূর আলমের সাথে আব্দুল বারেকের কথা কাটাকাটি হয়। বুধবার অফিস চলাকালে সাত-আট ব্যক্তিকে নিয়ে আব্দুল বারেক ব্যাংকে হামলা চালায়। কর্তব্যরত গার্ড আনছার আলী তাদের বাধা দিলে তারা তাকে মারপিট করে। হামলাকরীরা ব্যাংকের ক্যাশেও হামলা চালায়। এ সময় ব্যাংক কর্মচারীদের সাথে ধস্তাধস্তিতে চতুর্থ শ্রেণীর কর্মচারী নয়ন তালুকদার মারাত্মকভাবে আহত হয়। আহত নয়ন তালুকদারকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হামলায় নেতৃত্ব দানকারী আব্দুল বারেক একজন বিএনপি নেতা। ম্যানেজার আলম জানান, বারেক নিজেকে বিএনপি নেতা বলে দাবি করে শাসিয়ে গেছে।
