বুয়েটে তিনদিন ব্যাপি আইপিই ডে'র অনুষ্ঠানমালা শুরু
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইণ্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) ডে’র তিনদিন ব্যাপি অনুষ্ঠানমালা শুরু হয়েছে। বুধবার বুয়েট মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।
উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ইণ্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়াররা বর্তমান প্রতিযোগিতামূলক যুগে বাংলাদেশের প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা কম ব্যয়ে উৎপাদনের গুণগত মান বাড়িয়ে আমাদের শিল্পক্ষেত্রে জোরালো অবদান রাখতে পারে। দেশের শিল্পোন্নয়নের জন্য এই প্রকৌশল বিদ্যা এমন শিক্ষা দিচ্ছে, যাতে একইসাথে একজন প্রকৌশলী ও এমবিএ পাওয়া যায়। ফলে দক্ষ প্রকৌশলী শিল্পোন্নয়নে আরো বেশি অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আলী মুর্তজা। এতে আরো উপস্থিত ছিলেন সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির প্রতিনিধি দীপক অধিকারী।
আয়োজনটি সাউথ এশিয়া এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ফ্যাসিলিটির সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।
