২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের প্রথম আদিবাসী উৎসব শুরু হবে ১৭ মার্চ

বেসরকারি উদ্যোগে আয়োজন করা হচ্ছে দেশের প্রথম ‘আদিবাসী উৎসব’। এতে অংশ নেবেন দেশের ভাষাগত সংখ্যালঘু আদিবাসীরা। উদ্যোক্তাদের সূত্রে জানা যায়, ঢাকার শিল্পকলা একডেমীতে তিনদিনের এই উৎসব শুরু হবে ১৭ মার্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 05:07 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বেসরকারি সংস্থা শেড এই উৎসবের প্রধান উদ্যোক্তা। শেডের নির্বাহী প্রধান ফিলিপ গাইন বিডিনিউজকে বলেন, সারাদেশ থেকে আদিবাসীরা নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে যোগ দেবেন এই উৎসবে। এটি পরিনত হবে আদিবাসীদের একটি মিলন মেলায়।

তিনি জানান, এরই মধ্যে আদিবাসী উৎসব উপলক্ষে সর্বত্র সাজ সাজ রব পড়ে গেছে।

উৎসবের আরেকজন উদ্যোক্তা ও বান্দরবানের বম জনগোষ্ঠীর বিশিষ্ট নেতা জুমলিয়ান আমলাই জানান, আদিবাসী উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান। এতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন চাকমা রাজা দেবাশীষ রায়।

তিনি জানান, সারাদেশ থেকে আদিবাসীদের দেড়শ’রও বেশী সাংস্কৃতিক দল অংশ নিচ্ছে এই উৎসবে।

তিনি আরও জানান, জাতিসংঘ ঘোষিত আদিবাসী দশক উপলক্ষ্যে আয়োজন করা হচ্ছে এই উৎসব। গত ডিসেম্বরে শেষ হয়েছে আদিবাসী দশক। কিন্তু বন্যার কারণে সময় মত এই উৎসবের আয়োজন করা যায়নি।

খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েক বছর ধরে বেসরকারি উদ্যোগে আদিবাসী দিবস পালন করা হলেও এবারই প্রথমবারের মতো পালন করা হচ্ছে আদিবাসী উৎসব।

দেশে ৪৫টি ভাষাগত সংখ্যালঘু আদিবাসী জনগোষ্ঠির সংখ্যা প্রায় ২৫ লাখ। চাকমা, মারমা, ত্রিপুরা, গারো. সাঁওতাল, মনিপুরি, খাসিয়া, হাজং, রাখাইনÑদেশের প্রধানতম আদিবাসী গোষ্ঠি। হাজার হাজার বছর ধরে নিজ ঐহিত্য ও সংস্কৃতি নিয়ে বাংলাদেশে তারা বসবাস করছেন।

সাবেক গেরিলা নেতা, জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার নেতৃত্বাধীন আদিবাসী ফোরামসহ আদিবাসী সংগঠনগুলো বরাবরই আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমির উপর ঐতিহ্যগত অধিকার, মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা লাভসহ নানা ধরণের মৌলিক দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করে আসছে।