নরসিংদীতে উরশ মাহফিলে বোমা বিস্ফোরণ, আহত ১০
জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া নরসিংহপুর গ্রামে একটি উরশ মাহফিলে মঙ্গলবার মধ্যরাতে বোমা বিস্ফোরণ ঘটলে মহিলাসহ ১০ ব্যক্তি আহত হয়।
সংবাদদাতা জানান, মোঘল আমলে নির্মিত পারুলিয়া তিন গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা দেওয়ান শরীফ ও তাঁর পত্নী জয়নাব বিবির মাজারে প্রতি বছর উরশ মাহফিল অনুষ্ঠিত হয়।
এবারে উরশ মাহফিল চলাকালে কে বা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা যায়নি।
এ ঘটনায় হালিমা বেগম (৫০)সহ ১০ জন আহত হয়। আহতদেরকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নরসিংদী সদর হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে নরসিংদীর পুলিশ সুপার মীর রেজাউল আলম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে, তিনি বোমা বিস্ফোরণের ঘটনাটি অস্বীকার করেন।
