২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ বাহিনীতে সংযুক্ত হবে সর্বাধুনিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার, নৌ টহল এয়ারক্রাফট: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, একটি ত্রি--মাত্রিক নৌ বাহিনী বাহিনী গঠনের লক্ষ্যে দেশের নৌ বাহিনীতে সর্বাধুনিক যুদ্ধজাহাজ, হেলিকপ্টার ও নৌ টহল এয়ারক্রাফট সংযুক্ত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

চট্টগ্রামে বৃহস্পতিবার বাংলাদেশ নৌ বাহিনীর প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত প্রেসিডেন্ট প্যারেড অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

প্রধনমন্ত্রী বলেন, ভৌগলিক অবস্থান ও কৌশলগত কারণে দেশের সীমান্ত নিরাপত্তা ও সমুদ্রে সার্বক্ষণিক টহল নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, ইতোমধ্যেই বাংলাদেশ নৌ বাহিনীতে পাঁচটি গভীর সমুদ্রযান, দুটি টাগ ও দু’টি পিপিএম বোট সংযুুক্ত করা হয়েছে। শক্তিশালী নৌ বাহিনী গঠনে তার সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে বেগম জিয়া উল্লেখ করেন।

প্রধানমন্ত্র¿ী বলেন, বাংলাদেশ নেভাল একাডেমি থেকে কাতার, ফিলিস্তিন, মালদ্বীপ, শ্রীলংকা, ভারত, পাকিস্তান ও তুরস্কের নৌ বাহিনীর কর্মকর্তারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এখান থেকে চারজন ফিলিস্তিনী নাগরিক এবং একজন নারীসহ মোট ২৯ জন অ্যাকটিং সাব লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্ত হয়েছেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শ্রেষ্ঠ শিক্ষানবিসদের মধ্যে পদক বিতরণ করেন।

আকরাম উদ্দিন জাহিদ শ্রেষ্ঠ অলরাউন্ডার শিক্ষানবিস হিসেবে সোর্ড অব অনার লাভ করেন। এছাড়া অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্যে তাকে ওসমানী স্বর্ণ পদক এবং নৌ প্রধানের স্বর্ণ পদকে ভূষিত করা হয়।

এসময় নৌ বাহিনীর এ ক্যাডেটরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন।

অনুষ্ঠানে মন্ত্রী, এমপি, কূটনীতিক, তিন বাহিনীর প্রধানগণ এবং নতুন কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নৌ বাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম হাসান আলী খান, চট্টগ্রাম কমান্ডিং কমোডরের কমান্ডার বজলুর রহামন ও বাংলাদেশ নৌ একাডেমীর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন এম নাসির একটি মোটর সাইকেল মার্চের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।