অর্থনৈতিক উন্নয়ন এখন ধাবিত হচ্ছে শপিং মলের দিকে: মোনাজাতউদ্দিন পদক বিতরণী অনুষ্ঠানে বক্তারা
উন্নয়নের বর্তমান অবস্থাকে চোখ ধাঁধানো প্রচারণা আখ্যায়িত করে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন এখন গ্রামাঞ্চল ছেড়ে শপিং মলের দিকে ধাবিত হচ্ছে।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন পদক--২০০৪ প্রদান অনুষ্ঠানে তারা একথা বলেন।
উন্নয়নের ধারায় সাংবাদিক মোনাজাতউদ্দিনের অবদানকে স্মরণ করে ড. আতিউর রহমান বলেন, বর্তমানের উন্নয়ন হচ্ছে শপিং মলের উন্নয়ন, যা দেশের সত্যিকার অগ্রগতির ধারাকে তুলে ধরে না।
তিনি বলেন, যেখানে মঙ্গার মতো চরম দারিদ্র্যের সাথে মানুষ লড়াই করছে, সেই গ্রামাঞ্চলের উন্নয়নের পরিবর্তে বর্তমান অর্থনৈতিক উন্নয়ন ঝুঁকছে শপিং মল, বিলাসবহুল আপ্যার্টমেন্ট তৈরি ও বিএমডব্লিউ গাড়ি কেনার দিকে।
দেশের উত্তরাঞ্চলে বৈশাখ থেকে কার্তিক মাস পর্যন্ত বিদ্যমান মঙ্গার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মোট ৩ দশমিক ৫ শতাংশ লোক ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এবং প্রতিবছর ৩০ শতাংশ লোক মঙ্গার শিকার হয়।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, স্বাধীনতার ৩০ বছর পরও বাংলাদেশের অবস্থা এ রকম থাকবে, এমনটি মোনাজাতউদ্দিন বা অন্য কেউই কখনও ভাবেনি।
সাংবাদিক ফয়েজ আহমদ বলেন, সত্য কথা বলা এবং সত্য প্রকাশ করা একটি দুঃসাধ্য ব্যাপার। কিন্তু সাংবাদিক মোনাজাতউদ্দিন সেই দুঃসাধ্য কাজ কাজ সাধন করে সত্যকে উন্মোচন করেছিলেন।
তিনি বলেন, জঙ্গিদের মুখোশ উন্মোচনে এখন মোনাজাতউদ্দিনের মতো সাংবাদিক খুবই প্রয়োজন।
মরহুম মোনাজাতউদ্দিনকে সাংবাদিকতা পেশার ধারক হিসেবে তুলে ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক বলেন, সাংবাদিকদের কেবল সত্য তুলে ধরলেই হবে না, তাদের মিথ্যাকেও পরাজিত করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাবেক সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন, মোনাজাতউদ্দিনের পতœী নাসিমা মোনাজাত, সাংবাদিক মুকুল মুস্তাফিজ বক্তব্য রাখেন।
এদিকে রংপুরেও চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বিডিনিউজ--এর রংপুর প্রতিনিধি জানান, মোনাজাতউদ্দিনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেখানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর মধ্যে রয়েছে, তার পরিবারের পক্ষ থেকে স্থানীয় এতিমখানায় এতিমদের মধ্যে খাদ্য বিতরণ, মিলাদ মাহফিল এবং রংপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মুন্সিপাড়া কবরস্থানে মরহুমের কবর জিয়ারত ও আলোচনা সভা।
এছাড়া মোনাজাতউদ্দিন স্মরণে মাহিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
