২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমএফআই ও এনজিওগুলোর জন্যে নতুন হিসাবরক্ষণ নির্দেশিকা প্রণয়ন

ক্ষুদ্র ঋণ সহায়তা প্রতিষ্ঠান ও এনজিওগুলোর জন্যে নতুন হিসাবরক্ষণ নির্দেশিকা প্রণয়ন করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কর্মকর্তারা জানান, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ নির্দেশিকা প্রণীত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বাংলাদেশ ব্যাংকের ক্ষুদ্র অর্থায়ন গবেষণা ও রেফারেন্স ইউনিট (এমআরআরইউ)’র যুগ্ম পরিচালক লায়লা রশীদ  বিডিনিউজকে বলেন, আমরা শিগগিরই অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্যে এ নির্দেশিকা পাঠাবো।

তিনি বলেন, ৬০০টি এমএফআই’র (এনজিওসহ) ৬০০ প্রতিনিধিকে ইতোমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে দেশের ৭০০টি বেসরকারি প্রতিষ্ঠান ইতোমধ্যেই এ নির্দেশিকা অনুসরণ করতে শুরু করেছে।

এমআরআরইউ’র কর্মকর্তারা জানান, দেশের হাজার হাজার ক্ষুদ্র ঋণ সহায়তা প্রতিষ্ঠান ও এনজিও যাতে সঠিক ও উন্নত হিসাবরক্ষণ ব্যবস্থা অনুসরণ করতে পারে সে লক্ষেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান, বিভিন্ন সময়ে দেয়া বক্তৃতায় দেশের এনজিওগুলো অস্বচ্ছ হিসাবরক্ষণ চর্চার প্রসঙ্গ টেনেছেন।

লায়লা রশীদ বলেন, অনেক এনজিও’ই যাদের চ্যাটার্ট অ্যাকাউট্যান্ট নিয়োগ দেওয়ার সামর্থ নেই তারাও এ নতুন পদ্ধতিতে সহজেই হিসাবরক্ষণের কাজ করতে পারবে।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ছোট ছোট এনজিওগুলোকে এ পদ্ধতির আওতায় আনা হবে। তবে পর্যায়ক্রমে দেশের সকল এনজিওকেই এর আওতায় আনার পরিকল্পনা তাদের রয়েছে।

লায়লা রশীদ জানান, এমআরআরইউ ইতোমধ্যেই সকল ডেপুটি কমিশনার (ডিসি) ও থানা নির্বাহী কর্মকর্তাদের কাছে তাদের এ কর্মকাণ্ডের সাথে যুক্ত করার লক্ষ্যে চিঠি পাঠিয়েছে।