নির্ধারিত সময়ের মধ্যে সকল হজ্বযাত্রী পৌঁছে দেয়া হবে: বিমান প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই হাজীদের পরিবহন সমস্যা সমাধান হবে।
বৃহস্পতিবার সচিবাল কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপ করার সময় তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী ব্যালটি - ননব্যালটি মিলে পঞ্চাশ হাজার ২ শ’ ৩৩ জন এবছর হজ্বে যাওয়ার আবেদন করেছেন।
বাংলাদেশ বিমান এ পর্যন্ত ৬৯ টি ফ্লাইটের মাধ্যমে ত্রিশ হাজার ২শ’ ৫৭ জন হজ্বযাত্রীকে জেদ্দায় পৌঁছে দিয়েছে। বিমানের একটি সুত্র জানায়, গত ২০ তারিখে বিমান এবং ধর্মমন্ত্রণালয়ের সাথে হজ্ব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নেতাদের যৌথসভায় হাব নেতৃবৃন্দ এবছর ৪৩ হাজার হজ্বে যাবে বলে জানিয়েছিল।
ওই হিসাব অনুযায়ী বিমান ৮৬টি ফ্লাইটের মাধ্যমে বছর চল্লিশ হাজার হজ্বযাত্রী পরিবহন করার সিন্ধান্ত নেয়। পরবর্তীতে হাব জানায় যে, আরো দশ হাজার হজ্বযাত্রী পরিবহন করতে হবে। এতে মোট হজ্বযাত্রী দাঁড়ায় ৫০ হাজারেরও বেশি।
সূত্র অভিযোগ করেন, হাবের এই বিভ্রান্তিমূলক তথ্যের কারণেই জটিলতার সৃষ্টি হয়েছে।
প্রতিমন্ত্রী আরো জানান , বিমানের পক্ষ থেকে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে নতুন করে আরও ১০ টি স্লট ভাড়া নেওয়া হয়। এ সুবিধা ব্যবহার করে তিন হাজার যাত্রী পরিবহন করা সম্ভব।
ইতোমধ্যে বিভিন্ন এয়ার লাইন্সের মাধ্যমে ছয় হাজার যাত্রী পরিবহন করা হয়েছে বাকী পাঁচ হাজার যাত্রী পরিবহন করতে সৌদি এয়ার লাইন্সসহ বেশ কয়েকটি বিদেশি এয়ার লাইন্সকে অনুরোধ করা হয়েছে। এছাড়াও রাশিয়া এবং থাইল্যান্ড থেকে এয়ারক্রাফট ভাড়া করার জন্য চেষ্টা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান , আগামী চার জানুয়ারির মধ্যে সকল হাজীদের জেদ্দায় পৌঁছে দেওয়ার সর্বাত্তক প্রচেষ্টা চলছে।
