রাজধানীর মিরপুরে আংশিক ধর্মঘট পালিত
রাজধানী ঢাকার মিরপুরের মুক্ত বাংলা সুপার মার্কেটের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের হত্যাকান্ডের প্রতিবাদে আহূত বৃহস্পতিবারের অর্ধদিবস ধর্মঘট আংশিকভাবে পালিত হয়েছে।
মিরপুর থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই তামান্না বিডিনিউজকে জানান, ধর্মঘটের সময় মিরপুরের জনজীবন স্বাভাবিকই ছিল।
তিনি বলেন, কিছু দোকানপাট বন্ধ থাকলেও অধিকাংশ ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাজকর্ম পুরোদমে চলেছে।
যান চলাচলও ছিল স্বাভাবিক।
তিনি আরও জানান, ধর্মঘটের সময় কোন যানবাহন ভাংচুরের খবর পাওয়া যায়নি।
মিরপুর এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি প্রতিহত করতে অতিরিক্ত পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব) সদস্যদের মোতায়েন করা হয়েছিল।
গুলিবিদ্ধ ব্যবসায়ী আফতাব উদ্দিন বুধবার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মিরপুর এলাকায় উত্তেজনা দেখা দেয়। উত্তেজিত জনতা বেশ কিছু যানবাহনও ভাংচুর করেছে।
আফতাব উদ্দিনকে ২৫ ডিসেম্বর সন্ত্রাসীরা তাঁর বাসভবনের সামনে গুলি করে আহত করে।
