২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরের সিংড়ায় পুলিশ ক্যাম্প লুট, ৩ আনসার সদস্য নিহত, ২য় লিড

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকার বামিহালে নিষিদ্ধ ঘোষিত দলের সদস্যরা একটি আনসার ক্যাম্পে হামলা চালিয়ে তিনজন আনসার সদস্যকে হত্যা করেছে। এ হামলায় আরো কয়েকজন আনসার সদস্য আহত হয়।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

বুধবার সন্ধ্যায় সর্বহারা পার্টির শতাধিক সশস্ত্র সদস্য অস্ত্র লুট করার জন্যে ওই আনসার ক্যাম্পে হামলা করলে আনসারের সাথে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

নিহত আনসার সদস্যরা হলেন-- আজিজ, মোমিন এবং গফুর। হামলায় ক্যাম্পের ইনচার্জ সাবইন্সপেক্টর ফজলুর রহমানসহ অনেক পুলিশ ও আনসার সদস্য গুরুতর আহত হয়েছে। তবে সন্ত্রাসী দলের আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্গম বামিহাল ক্যাম্পে পুলিশ ও আনসার এক সঙ্গে থাকলে প্রধানমন্ত্রীর নাটোর সফর উপলক্ষে ডিউটি করার জন্যে পুলিশ সদস্যদের ক্যাম্প থেকে প্রত্যাহার করা হয়। ঘটনার সময় ক্যাম্পে ১০জন আনসার সদস্য ও ক্যাম্পের ইনচার্জ পুলিশের সাবইন্সপেক্টর ফজলুর রহমান দায়িত্বরত ছিলেন।

রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা ক্যাম্পের আটটি রাইফেল ও একটি এলএমজি লুট করে নিয়ে যায়। তবে সন্ত্রাসীরা কী পরিমাণ গুলি লুট করেছে, এ সম্পর্কে জানা যায়নি।

আহত আনসার সদস্য ও এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ আরও জানায়, মাগরিবের নামাজের কিছুক্ষণ পর ক্যাম্পে হামলা করে খুন ও অস্ত্র লুট শেষে সন্ত্রাসীরা ‘পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি’র নামে শ্লোগান দিতে দিতে পায়ে হেঁটে এলাকা ত্যাগ করে।

স্থানীয় অধিবাসীদের বরাত দিয়ে পুলিশ জানায়, খুন করে অস্ত্র লুট করে সন্ত্রাসীরা সিরাজগঞ্জের তাড়াশের দিকে চলে যায়।

স্থানীয় অধিবাসীরা জানায়, দুর্গম এই এলাকায় দীর্ঘদিন ধরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি সক্রিয় রয়েছে।

ভয়াবহ এই বন্দুকযুদ্ধের খবর পেয়ে নাটোরের এসপি গোলাম কিবরিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার পরপরই সন্ত্রাসীদের ধরার জন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা ওই এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে।

এদিকে বিডিনিউজ রাজশাহী প্রতিনিধি জানান, ক্যাম্পের আনসাররা টহল দেওয়ার সময় সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় পাশের অন্য একটি ক্যাম্পে আরও ২০ জন আনসার ডিউটিরত ছিল।

উল্লেখ্য, ক্যাম্প দুটি যৌথ ক্যাম্প হিসেবে চিহ্নিত।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।