২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমান্ডের ১ম দিনে বাংলাভাইয়ের উপদেষ্টা লুৎফরের স্বীকারোক্তি, অপর সহযোগী গ্রেপ্তার

গ্রেপ্তার বাংলাভাইয়ের উপদেষ্টা ও স্থানীয় জামায়াত কর্মী অধ্যাপক লুৎফর রহমান গোলাম রব্বানী হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডের প্রথম দিনে পুলিশের কাছে স্বীকারোক্তিতে বলেছে, আমি ছিলাম জেএমবি’র সাংগঠনিক দায়িত্বে। আমার কাজ ছিল বাংলাভাইয়ের পক্ষে জনমত গড়ে তোলা। সে লক্ষ্যে আমি বাগমারার বিভিন্ন অঞ্চলে বাংলাভাইয়ের সাথে একই মঞ্চে বক্তব্য দিয়েছি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

লুৎফর তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পুলিশকে আরো জানায়, ২০০৪ সালে ২৩ মে তার নেতৃত্বে রাজশাহীর ডিসি এসপিকে স্মারকলিপি দেওয়া হয়।

এদিকে লুৎফর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগবার হামিরকুটসা এলাকা থেকে বুধবার সকালে বাংলাভাইয়ের অন্যতম সহযোগী মঞ্জুর রহমান (৩২)কে আটক করা হয়েছে।

তাকে বৃহস্পতিবার বাগমারা থানা পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে হাজির করবে বলে জান গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আটক মঞ্জুর রহমান বাগমারার কালুপাড়ার কলিমুদ্দিনের পুত্র।

বাংলাভাই বাগমারা এলাকায় মাঠে নামার কয়েক দিনের মধ্যে সে তার সাথে যোগ দেয়। সেসময় তার অত্যাচারে এলাকাবাসী অতীষ্ঠ ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মঞ্জুর পুলিশকে জানায়, সে জেএমবি’র সক্রিয় কর্মী।