২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিক জন্ম ও মৃত্যুহার এবং সংক্রামক ব্যাধিগুলো মহামারী রূপ নিয়ে বাংলাদেশে জনতাত্ত্বিক পরিবর্তন এনেছে

জনসংখ্যার ব্যাপক বৃদ্ধি ও অধিক মৃত্যুহার এবং সংক্রামক ব্যাধিগুলো মহামারী আকার ধারণ করায় বাংলাদেশে অভাবনীয় জনতাত্ত্বিক পরিবর্তন দেখা দিয়েছে। জনতাত্ত্বিকরা বুধবার বাংলাদেশে জনতাত্ত্বিক পরিবর্তনের এ চিত্র তুলে ধরেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

বিশ্বব্যাংকের এক হিসেব মতে, ২০২৫ সালে বাংলাদেশের জনসংখ্যা ১৮ কোটি ২০ লাখে পৌঁছবে। তাদের মধ্যে ষাটোর্ধ্ব লোকের সংখ্যা হবে মোট জনসংখ্যার আট দশমিক আট শতাংশ, যা ২০৫০ সালের সম্ভাব্য মোট জনসংখ্যা ২১ কোটি ৮০ লাখের ১৮ দশমিক ৬ শতাংশ এবং ২০০০ সালের মোট জনসংখ্যা ১৩ কোটি ২০ লাখের পাঁচ দশমকি এক শতাংশ।

আইসিডিডিআরবি’র জনসংখ্যা কার্যক্রমের প্রধান পিটার কিম স্ট্রিটফিল্ড বুধবার বিডিনিউজকে জানান, বয়স্ক জনসংখ্যার এ পরিবর্তন স্পষ্টতই শিশুদের রোগব্যাধি থেকে বয়স্ক এবং প্রবীণদের রোগব্যাধির ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে।

আইসিডিডিআরবি’র স্বাস্থ্য গবেষণা কেন্দ্রের গণস্বাস্থ্য বিজ্ঞান বিভাগের স্বাস্থ্য ও জনসংখ্যা পর্যবেক্ষণ শাখার প্রধান ড. কিম আরও জানান, পরিস্থিতি দুরারোগ্য ও অজ্ঞাত রোগের দিকে নিয়ে যাচ্ছে, যার চিকিৎসা ব্যয়বহুল এবং নতুন দক্ষতা, নতুন ওষুধ, স্বাস্থসুবিধার জন্য নতুন চিকিৎসা সরঞ্জামের চাহিদা জানান দিচ্ছে।

তিনি আরও বলেন, সংক্রামক ব্যাধি থাকবে, তবে তা হবে আনুপাতিক হারে কম।

বহুদিন ধরে বাংলাদেশে কর্মরত অস্ট্রেলীয় গবেষকরা জানান, শ্বাসকষ্টজনিত এবং ডায়রিয়া ও যক্ষ্মা জাতীয় রোগ হৃদযন্ত্র, ডায়াবেটিস, নিউরোসাইকোটিক এবং টিউমার ও ক্যান্সার জাতীয় রোগের চেয়ে কম খরচে প্রতিরোধ করা যায়, তবে প্রবীণদের মধ্যে এসব রোগের প্রাদুর্ভাব বেশি।

জাতিসংঘ জনসংখ্যা বিভাগের ২০০৪ সালের এক পরিসংখান অনুসারে জনসংখার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে অষ্টম এবং মোট জনসংখ্যা ১৪ কোটি ২০ লাখ। দেশের প্রতি বর্গ মাইলে আড়াই হাজার এবং প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার এক জন লোক বাস করে। ২০২৫ সালে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী লোকের সংখ্যা হবে চার হাজার ৫০০।

ড. কিম বলেন, বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ হওয়ায় জনসংখ্যার এ ঘনত্ব একটি বিশাল সমস্যা।

জন্ম ও মৃত্যুহারের দিক থেকে বাংলাদেশ বিগত দুই বছরে যে পারদর্শিতা দেখিয়েছে তার প্রশংসা করে ড. কিম বলেন, উন্নত দেশগুলোতে জন্ম ও মৃত্যুর হার প্রায় সমান। প্রকৃতপক্ষে স্বল্পোন্নত দেশগুলোর জনসংখ্যার ওপর নির্ভর করছে বিশ্বের ভবিষ্যৎ।

তিনি বলেন, বিশ্বব্যাংকের ২০২৫ (চার কোটি ৬৩ লাখ) ও ২০৫০ ( চার কোটি ৬১ লাখ) সালের সম্ভাব্য পরিসংখ্যানে ১৪ বছরের কম বয়সের জনসংখার পরিমাণ প্রায় সমান ধরা হয়েছে। কিন্তু সমস্যা দেখা দেবে বয়স্ক জনসংখার ক্ষেত্রে।

২০২৫ সালে ১৫ থেকে ৫৯ বছর বয়সী জনসংখ্যা ১১ কোটি ৯৯ লাখ এবং ষাটোর্ধ্ব জনসংখ্যা এক কোটি ৬১ লাখে উন্নীত হবে। ২০৫০ সালে ১৫ থেকে ৫০ বছর বয়সী জনসংখ্যা  ১৩ কোটি ১২ লাখ এবং ষাটোর্ধ্ব জনসংখ্যা চার কোটি পাঁচ লাখে উন্নীত হবে।

ড. কিম বিশ্বব্যাংকের পরিসংখ্যান উল্লেখ করে বলেন, কর্মক্ষম জনসংখ্যার ওপর বয়স্কদের নির্ভরতার হার ২০০০ সালে ১১ দশমিক চার শতাংশে একজন ছিল। ২০২৫ সালে তা সাত দশমিক পাঁচ শতাংশে একজন এবং ২০৫০ সালে তিন দশমিক দুই শতাংশে একজনে নেমে আসবে।