বাংলাদেশের গণমাধ্যমে ইসলামী সন্ত্রাসবাদের প্রভাবে শঙ্কিত আরএসএফ, বিসিডিজেসি
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদের উত্থান ও বাংলাদেশের গণমাধ্যম জগতের উপর তার প্রভাবের কারণে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ-রিপোর্টার্স সান্স ফ্রন্টিয়ার্স) এবং বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট অব জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন (বিসিডিজেসি) গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আরএসএফ ও বিসিডিজেসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনগুলো গত চার মাসে কমপক্ষে ৫০ জন সাংবাদিক ও ১০ জন প্রকাশককে হুমকি দিয়েছে। তারপরও মিডিয়ার জন্য নতুন দেখা দেয়া এ বিপদের সময় সরকার তার আস্থা বজায় রাখতে পেরেছে বলে মনে হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের জন্য ক্ষতিকারক সন্ত্রাসবাদ সম্পর্কে জনগণকে স্বাধীনভাবে তথ্য প্রদান করার কাজে নিয়োজিত শত শত সাংবাদিকদের নিরাপত্তা আজ হুমকির মুখে। সরকার সাংবাদিকদের মনোবল ধরে রাখতে না পারলে জিহাদি তৎপরতা সম্পর্কে অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা সম্ভব হবে না এবং এর ফলে সাংবাদিকদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ কাজ করবে।
জিহাদি সংগঠনের নাশকতামূলক তৎপরতা থেকে সাংবাদিক ও প্রকাশকদের রক্ষা করতে একটি বৃহৎ পরিকল্পনা প্রণয়ন করতে তারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ৫৫ জন সাংবাদিককে নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।
জেএমবি এর আগে আটটি সংবাদপত্র অফিস ও তিনটি প্রেসক্লাব বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছিল।
জেএমবি সর্বশেষ ২২ ডিসেম্বর আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদকে হুমকি দিয়েছে। তার কাছে লেখা একটি চিঠিতে জঙ্গি সংগঠনটি বলেছে, আপনার পত্রিকা হবে আমাদের হামলার পরবর্তী শিকার।
আরএসএফ ও বিসিডিজেসি’কে বাংলাদেশ অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবাহান চৌধুরী জানান, আমরা অন্ধ সন্ত্রাসবাদের বিপক্ষে যতই অনুসন্ধান করব এবং তার সমালোচনা করব, আমরা ততই প্রকাশিত হয়ে যাব। আর আমাদের নিরাপত্তার অবনতির জন্য সরকারও অংশবিশেষ দায়ী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভোরের কাগজ, প্রথম আলো ও দৈনিক সমকালের মত পত্রিকাগুলোকে হুমকি দেয়া হয়েছে।
সংবাদ সংগঠন ও প্রেসক্লাবগুলো সবধরনের হামলা থেকে নিজেদের রক্ষা করতে নিজেদের তাগিদেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দৈনিক জনকণ্ঠের ব্যবস্থাপনা সম্পাদকের মত অনেক সংবাদপত্রের সম্পাদক এখন ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চলাফেরা করছেন।
সম্প্রতি দেশজুড়ে বিভিন্ন বোমা ও আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ২০জন লোক নিহত হয়েছে।
কয়েকটি ক্ষেত্রে পুলিশ নিরাপত্তার প্রস্তাব দিলেও তা পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সমর্থ না হওয়ায় সংবাদপত্রগুলোর নির্বাহী ও সম্পাদকগণ পুলিশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
আপত্তিকর ও নিজেদের জন্য লজ্জাকর প্রতিবেদন প্রকাশের অপরাধে সরকারের গোয়েন্দা নিরাপত্তা সংস্থাগুলো সংবাদপত্র প্রকাশকদের বিভিন্নভাবে হয়রানি করা অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, ২২ ডিসেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বেসরকারি সংবাদ সংস্থা বিডিনিউজের সম্পাদককে তলব করেছিল।
