২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের গুলিতে নিহত ৩, আহত ৩০, ১ম লিড

কুষ্টিয়ার দৌলতপুরে বুধবার অবৈধ আখ মাড়াইকল জব্দ অভিযান চলাকালে পুলিশ--জনতা সংঘর্ষে তিনজন নিহত ও ৩০ জন আহত হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

দৌলতপুরের দক্ষিণ ভুরকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে এক স্কুল ছাত্রসহ তিনজন নিহত এবং গ্রামবাসীর হামলায় অভিযান পরিচালনাকারী প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট ও ১০ পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কুষ্টিয়া সদর হাসপাতাল সূত্র জানায়।

নিহতরা হল রতন (১৫),  আজম (৩২) ও মিজানুর রহমান (২৫)।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শী সূত্র জানায়, সম্প্রতি কুষ্টিয়া চিনিকল জোনের আওতাতভুক্ত এলাকায় আখ মাড়াইকল জব্দ অভিযান শুরু হয়। প্রতিদিনের মত বুধবার সকালে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আব্দুল আজিজ মিয়ার নেতৃত্বে অভিযান শুরু হয়। অভিযান পরিচালনাকারী দলটি কুষ্টিয়া চিনিকলের জোনভূক্ত এলাকা দৌলতপুরের মরিচা ইউনিয়নের দক্ষিণ ভুরকাপাড়া গ্রামে পৌঁছে অভিযান শুরু করে প্রথমে দুটি মাড়াইকল জব্দ করে।

মাড়াইকল দুটি জব্দ করার পর বিক্ষুব্ধ স্থানীয় আখ চাষী ও জনতা জোটবদ্ধ হয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলা চালায়। বিক্ষুব্ধ জনতাকে নিবৃত্ত করার চেষ্টা ব্যর্থ হলে ম্যাজিস্ট্রেট পুলিশকে গুলিবর্ষণের নির্দেশ দেন। পুলিশ এ সময় ৩৭ রাউন্ড রাইফেলের ও প্রায় অর্ধশত রাউন্ড শর্টগানের গুলি এবং ১৫ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় ভুরাকাপাড়ার ভোগল মন্ডলের ছেলে নবম শ্রেনীর ছাত্র রতন এবং একই গ্রামের দবির ফরাজীর ছেলে কৃষক আজম। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর মারা যায় পাশ্ববর্তী গাছেরদিয়া গ্রামের আবতার আলী মন্ডলের ছেলে কৃষক মিজানুর রহমান।

সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ কৃষকদের ইটের আঘাতে অভিযান পরিচালনাকারী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আব্দুল আজিজ মিয়ার মুখমণ্ডল থেতলে গেছে। এসময় গ্রামবাসীর অস্ত্রের আঘাতে এসআই নুরুল ইসলাম, কনস্টেবল গোলাম কিবরিয়া, মোস্তফা, শামীম, মাহমুদুল, শফিকুল, মশিউর ফজলুসহ ১০ পুলিশ সদস্য আহত হয়।

অপরদিকে পুলিশের গুলিতে আহত হয় ২০ গ্রামবাসী। এদের মধ্যে মিজান বয়াতী (২৫), গিয়াস (১৮), কাবিল (৩৫), কাশেম (৩৮), আমিনুল (২২), চিনিকলের ট্রাক ড্রাইভার আব্দুল কুদ্দুসকে (৩৯) কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের প্রথমে ভেড়ামারা থানা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। কুষ্টিয়া সদর হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশংকাজনক এবং মৃতের সংখ্যা বাড়তে পারে।

বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটের জীপ ও কুষ্টিয়া সুগার মিলের একটি ট্রাক ভাংচুর করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উদ্ভুত পরিস্থিতিতে গ্রামে তিন প¬াটুন দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।