চর নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন: দেশের চরাঞ্চলে চলছে মধ্যযুগীয় ব্যবস্থা
একবিংশ শতাব্দীতেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের চারটি জেলার চরাঞ্চলে যে মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা বিদ্যমান, তার নির্মম চিত্র ফুটে উঠেছে একটি গণমাধ্যম গবেষণার অনুসন্ধানী প্রতিবেদনে।
চরাঞ্চলের খাসজমি দখলে প্রভাবশালী ব্যক্তি, প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে সখ্যসহ এসব অঞ্চলে গেড়ে বসা বেশ কিছু সমস্যা উঠে এসেছে এ প্রতিবেদনে।
অ্যাকশন এইডের সহায়তায় গণমাধ্যম উন্নয়ন বিষয়ক বেসরকারী সংস্থা ম্যাস্--লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে।
চরে খাস জমি নিয়ে উপকূলীয় জেলা নোয়াখালী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও বরগুনায় জাতীয় দৈনিকের প্রতিনিধি হিসেবে কাজ করা ছয় সাংবাদিকের অনুসন্ধানী প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি প্রভাবশালী গোষ্ঠীর সাথে লড়াই সংগ্রাম করে বেঁচে থাকা এসব মানুষের দুর্ভোগ লাঘবের জন্যে সরকারের প্রতি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাংবাদিক সাদেক খান, ড. রফিকুল ইসলাম, কোস্ট ট্রাস্টের রেজাউল করিম ও এমএমসি’র নির্বাহী পরিচালক কামরুল হাসান মঞ্জু বক্তব্য রাখেন।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান বলেন, নোয়াখালী জেলার দক্ষিণাঞ্চলের চরগুলো নিয়ে নতুন একটি জেলা করার প্রস্তাব রয়েছে।
দেশের চরাঞ্চলের বিষয়গুলো দেখার জন্যে একটি পৃথক সংস্থা বা প্রতিষ্ঠান থাকা উচিত বলে তিনি উল্লেখ করেন।
প্রতিবেদনটি উপস্থাপন করে এমএমসির প্রোগ্রাম অফিসার জাহাঙ্গীর হোসেন বলেন, চারটি জেলায় প্রায় ১৭৯,৩১১ একর খাস জমি রয়েছে। এর মধ্যে ৭০,২০৮ একর লিজ দেওয়া হয়েছে।
তবে তিনি বলেন, এসব অঞ্চলে ঠিক কত একর খাস জমি রয়েছে, তার সঠিক কোনও তথ্য নেই। এসব অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সুবিধার যথেষ্ট অভাব রয়েছে। এমনিক এসব চরের অনেকেরই ভোটাধিকার নেই। এরা যেন নিজভূমে পরবাসী।
তিনি আরও বলেন, বছরের পর বছর ধরে প্রভাবশালীরা জনগণকে জিম্মি করে রাখায় তাদের মানবাধিকার যেন সুদূর পরাহত।
