নারায়ণগঞ্জ, কুমিল্লা থেকে ৫ জেএমবি সদস্য গ্রেপ্তার, বিস্ফোরক ও বোমাসদৃশ বস্তু উদ্ধার, হুমকি অব্যাহত
দেশব্যাপী জেএমবিবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে নিষিদ্ধ এই জঙ্গি সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার এবং বিপুল বিস্ফোরক উদ্ধার করেছে র্যাব ও পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জেএমবি’র আত্মঘাতী দলের তিন সদস্য রয়েছে।
বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, জেলার পশ্চিম মাজদাইর এলাকা থেকে জেএমবি’র আত্মঘাতী দলের তিন সদস্য এবং তাদের অপর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব।
তাদের আস্তানা থেকে উদ্ধার করা হয় ১০ কেজি এমোনিয়াম নাইটেট্র, ২৯০টি জেহাদী বই, একটি ছুরি এবং একটি রামদা।
গ্রেপ্তারকৃত আত্মঘাতী দলের সদস্যরা হলো-- রফিকুল ইসলাম ওরফে সোয়েব(২০), জিয়াউর রহমান তানভীর ওরফে সাহেদ (২৫) এবং জিয়ারুল ইসলাম ওরফে উমাইদা (২২)। তাদের গ্রেপ্তারকৃত সহযোগীর নাম আবুল কালাম।
বিডিনিউজ কুমিল্লা প্রতিনিধি জানান, জেলার শশীদল এলাকা থেকে বান্দারামপুর আলিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ শামসুল আলম নামে জেএমবি’র এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী তাকে আটক করা হয়। তার বাড়ি কুমিল্লা জেলার হোমনায়।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামসুল আলম নিজে জেএমবি সদস্য বলে স্বীকার করেছে।
এদিকে কুমিল্লা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জেএমবি পরিচয়ে হুমকি সম্বলিত চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে নির্বাহী প্রকৌশলীকে ঘুষ খাওয়া বন্ধ করার আহবান জানিয়ে বলা হয়, তা না হলে এক সপ্তাহের মধ্যে তার অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
বিডিনিউজ বগুড়া প্রতিনিধি জানান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার বরিয়াহাট বাজারে একটি মসজিদের টয়লেট থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়।
বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল নগরীতে ১৭ আগস্টের সিরিজ বোমা বিস্ফোরণের বাকি আটটি মামলার চার্জশিট সদর কোর্টের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রেট মুনিম হাসান চার্জশিটগুলো জজ আদালতে প্রেরণ করেন।
পুলিশ জানায়, আটটি মামলায় পর্যায়ক্রমে ১৪জনকে অভিযুক্ত করা হয়েছে। এ নিয়ে সব মিলিয়ে ১২টি মামলার চার্জশিট দাখিল করা হলো।
