প্রান্তিক জনগোষ্ঠীকে মূল ধারার উন্নয়ন নীতি ও কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ
উন্নয়ন কার্যক্রমে ক্রমশ প্রান্তিক হয়ে পড়া জনগোষ্ঠির জন্যে একটি প্লাটফর্ম তৈরি করে একই সঙ্গে তাদের মূলধারার উন্নয়ন নীতি ও কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে রিচার্স ইনিশিয়েটিভস, বাংলাদেশ (রিইব) আয়োজিত ‘ উন্নয়ন কর্মসূচিতে অবহেলিত জনগোষ্ঠী’ শীর্ষক সেমিনারে একথা বলেন বক্তারা।
দিনব্যাপী সেমিনারের চারটি সেশনে সভাপতিত্ব করেন যথাক্রমে অধ্যাপক আনিসুর রহমান, নারী নেত্রী ড.হামিদা হোসেন, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
আয়োজনে বেদে সম্প্রদায়ের উপর একেএম মাকসুদ, চাকমা নারী তাঁতিদেও বিষয়ে কবিতা চাকমা, হরিজনদের বিষয়ে দীপেন্দ্র সরকার এবং মেথর ও কাওড়া সম্পদায়ের ওপর মুজিবর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন।
মাকসুদ তার প্রবন্ধে বলেন, যাযাবর বেদে সম্প্রদায়ের জন্য দরকার বৈষম্যহীন ও কলংকমুক্ত পরিবেশে শিক্ষা ও মানব উন্নয়নের সুযোগ।
কবিতা চাকমা তার প্রবন্ধে দেখান, বৃহত্তর পার্বত্য চট্টগ্রামে ১৩টি জাতিসত্ত্বা বাস করছে। তারা জাতিসত্ত্বার ক্ষেত্রে নিজেদের ঐতিহ্য, পোশাকের সাথে বাঙালি ও পাশ্চাত্য ধাচের পোশাকও নিজেদের করে নিয়েছেন।
তিনি প্রবন্ধে উল্লেখ করেন চাকমাজাতির নিজস্ব পোশাক শিল্পের মূল নকশায় নিয়োজিত নারীদের অর্থনৈতিক মান উন্নয়নে সহযোগিতা করা প্রয়োজন।
দীপেন্দ্র সরকার বলেন, উন্নয়ন কর্মসূচীতে অনুপস্থিত ও অবহেলিত চর্মকার সম্প্রদায়ের আত্মউন্নয়নের মাধ্যমে জীবনের মান উন্নয়ন দারিদ্র বিমোচনে সকলের এগিয়ে আসা উচিত। তাহলেই এ সম্প্রদায় আমাদের সহবস্থানে আসতে পারবে।
মজিবুর রহমান মেথর ও কাওড়া সম্প্রদায়ের দারিদ্র বিমোচনে শুকর প্রতিপালন ও বাজারজাতের জন্য নীতিমালা নির্ধারন করা প্রয়োজন বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, রিইব এর চেয়াম্যান ড. শামসুল বারি, অর্থনীতিবিদ এমএম আকাশ, অধ্যাপক ডালেম চন্দ্র বর্মন প্রমূখ।
সেমিনার শেষে অধিবেশনে সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষের জীবন নিয়ে তানভীর মোকাম্মেল এর ‘বনযাত্রী’ প্রদর্শণ করা হয়। ছবিটির উপর আলোচনা করেন চলচ্চিত্রকার তারেক মাসুদ প্রমুখ।
