২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম দাস হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে নারী সমাজ ও সাংবাদিকদের সংহতি সমাবেশ

দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাস হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার ফরিদপুরে সম্মিলিত নারী সমাজ ও বিক্ষুব্ধ সাংবাদিক সমাজের যৌথ উদ্যোগে সংহতি মিছিল, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2005, 06:42 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে সম্মিলিত নারী সমাজ ও সাংবাদিকদের সংহতি মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত হয় সংহতি সমাবেশ।

সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক গৌতম হত্যার বিচার দাবি আজ শুধু সাংবাদিকদের বিষয় নয়। গৌতম হত্যার বিচারের দাবিতে ফরিদপুরবাসী ঐক্যবদ্ধ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক জগদীশ চন্দ্র ঘোষ, মুন্শী হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা এসএম নূরুন্নবী, নারী নেত্রী খাদিজা বেগম মনি, ফরিদপুর নাগরিক কমিটির সদস্য সচিব মিজানুল ইসলাম মিজু, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ইমামুল আজম ও নারী নির্যাতন প্রতিরোধ আন্দোলন কমিটির ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আসমা আক্তার মুক্তা।