২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার সংকট নিরসন হয়নি, ব্যবসায়ীরা অনড়, মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হতে পারে

সরকারের সাথে সার খাতে ভর্তুকি বাবদ আমদানিকারক ও ব্যবসায়ীদের বকেয়া আদায় নিয়ে সৃষ্ট সংকট সোমবারও নিরসন হয়নি। তবে মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে অর্থ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2005, 06:47 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

প্রধানমন্ত্রীর নির্দেশ ও কৃষি মন্ত্রণালয়ের অনুরোধে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক মনোভাব পোষণ করলেও সংকট নিরসনের সম্ভাবনা দেখা দেয় বলে জানা গেছে।

তবে ব্যবসায়ীরা বকেয়া প্রায় ২৫০ কোটি টাকা আদায়ে তাদের অবস্থানে অনড় রয়েছে।

এদিকে ইজারাদার ও সার ডিলারদের বিরোধে আশুগঞ্জের জিয়া সার কারখানা জেটিতে প্রায় দেড় হাজার টন সার চারদিন ধরে আটকা পড়ে আছে। এতে ওই এলাকার চারটি জেলায় সারের সংকট দেখা দেওয়ার আশংকা দেখা দিয়েছে।

অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এ ব্যাপারে সাংবাদিকদের বলেছেন, মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বৈঠকে গ্রাহকরা ঠিক মতো ভর্তুকি পাচ্ছে কি না তা খতিয়ে দেখা হবে। ভর্তুকির অর্থ গ্রাহকদের কাছে ঠিক মতো পৌঁছালেই অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। অন্যথায় ভর্তুকির কোনো টাকা ছাড় দেবে না।

তিনি বলেন, আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি অংশ রয়েছে, যারা টাকা তুলে কেটে পড়তে চান। তাই সরকার সব কিছু দেখেই এ ব্যাপারে এগোবে।

অর্থমন্ত্রী বলেন, দেশে বর্তমানে কোনো সার সংকট নেই। পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। তবে কৃত্রিমভাবে সার সংকট সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি কফিলউদ্দিন আহমেদ বিডিনিউজকে জানান, ব্যবসায়ীরা সবাই এ দেশের নাগরিক। তাদের অন্য কোথাও কেটে পড়ার কোনো সুযোগ নেই। আর ব্যবসায়ীরা সরকারের কাছে কোনো অনুদান চায়নি। চুক্তি অনুযায়ী সরকারের কাছে বকেয়া পাওনা টাকা চেয়েছে।

তিনি জানান, কৃষি মন্ত্রণালয় থেকে আগামী বুধবার অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ বিষয়ে সুরাহা করার আশ্বাস দিয়েছে। মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে তারা ওই নির্ধারিত সভা পর্যন্ত অপেক্ষা করবেন। ওই সভাতেই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি দেশে সার সংকট থাকার কথা অস্বীকার করে বলেন, দেশে কোনো সারের সংকট নেই। ডিলারদের জন্যে ইতোমধ্যে প্রায় তিন লাখ ৮৫ হাজার মেট্রিক টন সার ছাড় করা হয়েছে। এতেই অন্তত: আগামী সপ্তাহ পর্যন্ত কৃষকদের কাছে সারের সরবরাহ নিশ্চিত করা যাবে। সংকট হলেও ওই সময়ের পরে হতে পারে।

বিডিনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আশুগঞ্জ সার কারখানা সংলগ্ন জেটিতে সার ডিলার ও ইজারাদারদের বিরোধে এক হাজার ৩২৫ মেট্রিক টন সার চারদিন ধরে জাহাজে আটকা পড়ে আছে। আটকা পড়া ওই সার কিশোরগঞ্জ, নেত্রকোণা, কুমিল্লা ও চাঁদপুর জেলার জন্যে বরাদ্দ করা।

স্থানীয় সূত্র জানায়, জিয়া সার কারখানার জেটি ও সংলগ্ন এলাকার জন্য কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনকে ইজারাদার নিয়োগ করা হয়। শুক্রবার জেটি থেকে সার ভর্তি জাহাজ ও কার্গো বেরিয়ে যাওয়ার সময় ডিলাররা ইজারাদারকে তাদের টোল দিতে অস্বীকার করলে জটিলতার সৃষ্টি হয়।