আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে নোলক বাবু
রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়ে ওঠা গায়ক নোলক বাবু এখন আমেরিকান আইডল এর অনুরূপ বাংলাদেশে আয়োজিত শিল্পী প্রতিযোগিতায় সেরা গায়ক হিসেবে জয়ী হয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
‘ক্লোজআপ ওয়ান--তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ এর সেরা বিজয়ী ঘোষিত হবার পর ভারতের স্টেটসম্যান পত্রিকার শিরোনামে তাকে ‘বাংলার আমেরিকান আইডল’ বলা হয়।
একজন ছন্নছাড়ার বড়লোক হয়ে ওঠার কাহিনী শিরোনামে ‘হিন্দুস্থান টাইমস্’এ বলা হয়, একজন বাংলাদেশী রাস্তার গায়ক বিজয়ী হয়ে ১০লক্ষ টাকা এবং হাজার হাজার ভক্ত--দর্শকের ভালোবাসার মধ্য দিয়ে নতুন এক জীবন অর্জন করেছে।
দৈনিক ভাস্কর এবং জি টিভি প্রতিদিনের সংবাদ ও পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান আলোচনা বিষয় বাংলাদেশের ১৯ বছর বয়সী যুবকের ভাগ্য নিয়ে শিরোনাম করেছে-- ‘এক ট্রেনের গায়ক বাংলাদেশের আইডল।’
নিউ কেরালা ডট কম লিখেছে, জামালপুর জেলার উত্তরে এক দরিদ্র পরিবারে জন্ম নেয়া নোলক তার পিতার অনুপস্থিতিতে মাত্র নয় বছর বয়সে মায়ের চিকিৎসার খরচ জোগাতে ট্রেনে ও বাসে গান গেয়ে বেড়াতো।
তার চোখ বেয়ে অশ্র“ ঝরছিলো যখন বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত গানের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হিসেবে নোলকের নাম ঘোষিত হয়। এনটিভি আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার ও লাখো দর্শকের তা উপভোগ করার বিষয় নিয়ে ‘ওয়েবইন্ডিয়া ১২৩ ডট কম’এ বিস্তারিত আলোচনা করা হয়।
বিডিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যখন আমি মা’র পা ছুঁয়ে সালাম করে বাড়ি ছেড়ে আসি, তখন মনে মনে একটি প্রতিজ্ঞা করেছিলাম, আমি অবশ্যই ক্লোজআপ ওয়ান জিতে নিয়ে তার কাছে ফিরে আসব। আমি জিতেছি এবং এখন আমি পুরস্কার হিসেবে পাওয়া গাড়িতে করে আমার মাকে নিয়ে সারা দেশ ঘুরে বেড়াবো।’
৭/৮ বছর আগে জামালপুরে আয়োজিত বৈশাখী মেলায় প্রথম মঞ্চে ওঠার কথা স্মরণ করে তিনি বলেন, এই সমস্ত অনুষ্ঠানে মানুষ বেশি টাকা--পয়সা দিতে চায়না, তবে কিছু লোক সেদিন তাকে যথেষ্ট সাহায্য করেছিল।
আন্তর্জাতিক বিভিন্ন বার্তা সংস্থা যেমন এপি, এএফপি, রয়টার এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদপত্র সর্ব শীর্ষে উঠে আসা এই প্রতিভাকে নিয়ে অনেক সংবাদ ও ফিচার লিখেছে।
