২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মসলা আমদানির ৪০০ কোটি টাকা বাঁচাতে সরকারের ৩ বছর মেয়াদী কর্মপরিকল্পনা

বছরে ৪০০ কোটি টাকার মসলা আমদানির বিকল্প হিসেবে সরকার দেশে এর উৎপাদন বাড়াতে তিন বছরের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 06:25 PM

খাবারের মসলা হিসেবে ব্যবহৃত প্রধান পাঁচটি উপাদান পেঁয়াজ, হলুদ, মরিচ, আদা ও রসুনের স্থানীয় চাহিদা মেটাতে বাংলাদেশ ৬১৭ কোটি টাকার মসলা আমদানি করে।

এছাড়াও দেশে পর্যাপ্ত উৎপাদন না হওয়ায় দারুচিনি, লবঙ্গ, এলাচি, জিরা ও গোল মরিচ আমদানিতে প্রতি বছর ১১৫ কোটি টাকা ব্যয় হয়। কৃষি সম্প্রসারণ বিভাগের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

গত সপ্তাহে কর্মপরিকল্পনার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রী এমকে আনোয়ার বলেন, এ কর্মপরিকল্পনা বাস্তবায়নের সময়কালে প্রতি বছর প্রধান পাঁচটি মসলার উৎপাদন ২৫ শতাংশ বৃদ্ধি করা হবে।

কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, বাংলাদেশকে মসলার মোট চাহিদার ৩৬ দশমিক ৮৫ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয়।

বিভাগের কর্মকর্তারা বলেন, কর্মপরিকল্পনা বাস্তবায়নের পর ২০০৮-০৯ অর্থবছরে প্রধান পাঁচটি মসলার উৎপাদন ১৫ দশমিক ৮৫ মেট্রিক টন বৃদ্ধি পাবে। বর্তমানের উৎপাদন হয় ১২ দশমিক ২৫ মেট্রিক টন। চাষযোগ্য জমির পরিমাণ বৃদ্ধি এবং সমন্বিত চাষ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে উৎপাদন বাড়ানো হবে বলে তারা জানান।

কৃষি সম্প্রসারণ বিভাগের মহাপরিচালক ইব্রাহীম খলিল বলেন, ৪০০ কোটি টাকা বাঁচাতে গৃহীত এ কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রতিবছর ৩০ কোটি টাকা ব্যয় করা হবে।

২০০৪-০৫ অর্থবছরে প্রধান এ পাঁচটি মসলার স্থানীয় চাহিদা মেটাতে বাংলাদেশের মোট ২১ দশমিক ৬০ মেট্রিক টন মসলা প্রয়োজন হয়। ২০০৬-০৭ অর্থবছরে এ চাহিদা হবে ২৩ দশমিক ৭৪ মেট্রিক টন, ২০০৭-০৮ অর্থবছরে হবে ২৫ দশমিক ৬৪ মেট্রিক টন এবং ২০০৮-০৯ অর্থবছরে হবে ২৭ দশমিক ৪৩ মেট্রিক টন।

কৃষি বিভাগের তথ্য অনযায়ী, মাথাপিছু পেঁয়াজের চাহিদা ২৫ গ্রাম, আদার চাহিদা ৪ গ্রাম, রসুন ৪ গ্রাম, মরিচ ৩ গ্রাম এবং হলুদ ২ গ্রাম।