সিস্টেম লসের কারণে পিডিবি বছরে ১০০০ কোটি টাকা লোকসান দেয়
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রতিবছর সিস্টেম লসের নামে এক হাজার কোটি টাকা লোকসান দেয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ রোববার চট্টগ্রামে পিডিবি’র চট্টেশ্বরী রেস্টহাউসে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপকালে একথা বলেন।
তিনি বলেন, এক শতাংশ সিস্টেম লস মানেই হচ্ছে ৫০ কোটি টাকার লোকসান। তবে সরকার এ সিস্টেম লস কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্নমূখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে তিনি জানান। এর মধ্যে রয়েছে প্রিপেইড মিটার পদ্ধতি চালু ইত্যাদি।
মন্ত্রী কর্মকর্তাদের প্রতি সকল স্টেশন রক্ষণাবেক্ষণের কাজ এ মওসুমের মধ্যে সমাপ্ত করার নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, আসছে গ্রীস্মে আমি বিদ্যুতের সংকট দেখতে রাজি নই, এ ক্ষেত্রে কোনও ধরনের ঢিলেমি বরদাশত করা হবে না।
ইকবাল মাহমুদ বলেন, অর্থ কোনও সমস্যা নয়, আমি আপনাদের টাকা দেব, যত প্রয়োজন টাকা নিন, বিদ্যুৎ খাতকে কার্যকর করে তুলুন।
বিদ্যুৎ খাতের উন্নয়নে বিলম্বের কথা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, ২০০৭ সালের মধ্যে দেশের বিদ্যুৎ সকট সমাধানে ২ শ’ কোটি মার্কিন ডলার খরচ করা হবে।
