নারীদের গৃহবন্দি করে রাখতে জেএমবি’র হুমকি রুখতে হবে: বিল্স আয়োজিত আলোচনা সভায় বক্তারা
নারীদের গৃহবন্দি করার ব্যাপারে জেএমবি যে হুমকি দিয়েছে, তা নারী শ্রমিকদের অধিকারের ওপর সরাসরি আঘাত। এ হুমকি প্রতিরোধ করতে হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্স)--এর উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও নারী শ্রমিকের অধিকার’ শীর্ষক এক আলোচনা সভায় রোববার বক্তারা এ কথা বলেন।
মতিঝিলে ওয়াপদা মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন রাজনৈতিক দল--মত সমর্থিত এবং নিরপেক্ষ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের নারী কর্মীবৃন্দ অংশ নেন।
বক্তারা বলেন, জেএমবি’র হামলা, হুমকি এবং অপতৎপরতা ট্রেড ইউনিয়ন আন্দোলনে সম্পৃক্ত নারীদের প্রতি আঘাত। কারণ সংগঠিত হয়ে অধিকার আদায় নিশ্চিত করতে হলে নারী ট্রেড ইউনিয়ন কর্মীকে ঘরের বাইরে এসে কাজ করে যেতে হবে।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে নারীর অংশগ্রহণ এবং তার মধ্য দিয়ে অর্জিত অধিকারের মধ্যে নারী শ্রমিকের দাবির কথা তুলে ধরেন।
জেএমবি’র বর্তমান অপতৎপরতাকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির পুনরুত্থান উল্লেখ করে বক্তারা বলেন, যে করেই হোক, তাদের রুখতে হবে। এ জন্যে ট্রেড ইউনিয়নের কার্যকর ঐক্য জরুরি।
বিল্স--এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় সংসদের হুইপ মো. আশরাফ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিল্স--এর ভারপ্রাপ্ত মহাসচিব মো. জাফরুল হাসান। বক্তব্য রাখেন স্কপ--এর সমন্বয়কারী ডা. ওয়াজেদুল ইসলাম খান, বিল্স--এর সহাকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক রওশন জাহান সাথীসহ বিল্স--এর সহযোগী জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনসমূহের নারী কমিটির সভাপতিবৃন্দ।
