জেএমবি’র সাথে সাঈদী--পুত্রের সম্পর্ক খুঁজে পেয়েছে পুলিশ
নিষিদ্ধ সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) সাথে জামাতে ইসলামীর সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীর এক পুত্রের যোগসূত্র খুঁজে পেয়েছে গাজীপুর পুলিশ।
গাজীপুর পুলিশের একটি সূত্র জানায়, চলতি বছরের ফেব্র“য়ারি মাসে জেলার পিরুজালী এলাকায় একটি ইসলামী মহাসম্মেলনে একই মঞ্চে বক্তব্য রাখেন জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমানের ভাতিজা মাওলানা আবদুল্লাহ বিন খলিল উল্লাহ, তার (খলিল উল্লাহ) পিতা (শায়খ রহমানের ভাই) মাওলানা ওবাইদুর রহমান বিন আবদুল্লাহ এবং জামায়াতের সংসদ সদস্য সাঈদীপুত্র মাওলানা রাফিক বিন সাঈদী।
১৭ ও ১৮ ফেব্র“য়ারি পিরুজালী হাজটখোলাপাড়া আলহাজ্ব এমএ করিম আহলে হাদিস জামে মসজিদে ওই মহাসম্মেলনের আয়োজন করা হয়। শায়খ রহমানের ভাতিজা মাওলানা খলিল উল্লাহ ওই মসজিদের খতিব।
গাজীপুরের পুলিশ মহাসম্মেলনের পোস্টার উদ্ধার করেছে।
গাজীপুরের পুলিশ সুপার আতিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে বিডিনিউজকে জানান।
তিনি আরো বলেন, আমার জানা মতে ফেব্র“য়ারিতে তাদের ওই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়নি।
স্থানীয় সূত্র জানায়, শায়খ রহমানের পিতা আবদুল্লাহ ইবনে ফজল মুন্সী গাজীপুরের পিরুজালী, পাইনশাইল, চকপাড়া, পোড়াবাড়ি, ছয়দানা, বোয়ালী, ফুলবাড়িয়া, মধ্যপাড়া ইত্যাদি আহলে হাদিস অধ্যুষিত এলাকায় আধ্যাত্মিক গুরু হিসেবে পরিচিত ছিলেন।
সেই সূত্রে শায়খ রহমান পিরুজালী আমানিয়া সিনিয়র মাদ্রাসায় লেখাপাড়া করেন। ১৯৭৪ সালে তিনি আলিম ক্লাশের ছাত্রাবস্থায় তাড়িপান করে মাতলামি করার অপরাধে ওই মাদ্রাসা থেকে বহিষ্কৃত হন।
এলাকাবাসী জানান, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার পর শায়খ রহমানের ভাতিজা খলিলউল্লাহ গাঢাকা দিয়েছে। একই সঙ্গে পালিয়েছে জেএমবি নেতা রেজাউল, আমিনুল ইসলাম, মোজাম্মেল ও কফিলউদ্দিন। পুলিশ ওই এলাকা থেকে শুধু স্কুল শিক্ষক নজরুল ইসলামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ জানায়, গাজীপুরের স্থানীয় উচ্চ পর্যায়ের জেএমবি নেতা এম এ সিদ্দিক বাবলু ধরাছোঁয়ার বাইরে থাকায় বোমা হামলার আশঙ্কা রয়েই গেছে।
৫ ডিসেম্বর গাজীপুরের তেলিপাড়া থেকে জেএমবি’র ঢাকা জোনের কমান্ডার এনায়েতুল্লাহ জুয়েল গ্রেপ্তার হওয়ার পর সে জেএমবি’র স্থানীয় সমন্বয়ক হিসেবে বাবলু’র নাম বলেছিল। বাবলুকে ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর বোমা হামলার ঘটনায় এনায়েতের সঙ্গে আসামি করা হয়েছে। কমপক্ষে ১০ ব্যক্তি ওই হামলায় নিহত হন।
এদিকে দেলাওয়ার হোসাইন সাঈদী এবং তার পুত্রের সঙ্গে বিডিনিউজ--এর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
