চট্টগ্রামে বস্তিতে আগুন, ৭০টি ঘর পুড়ে ছাই, আহত ৪
চট্টগ্রাম নগরীর লালখান বাজার মতিঝরনা এলাকায় একটি বস্তিতে বৃহস্পতিবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৭০ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দমকল বাহিনীর একজন ফায়ারম্যানসহ চারজন আহত হয়েছে।
অগ্নিকান্ডের খবর পেয়েও ঘটনাস্থলে দমকল বাহিনীর গাড়ি দেরিতে পৌঁছা এবং পানি স্বল্পতার কারণে প্রায় দুই ঘন্টা আগুন জ্বলতে থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা আভিযোগ করেছেন।
রাত নয়টার দিকে এমদাদ চৌধুরীর বস্তিতে আগুন লাগে এবং এক পর্যায়ে তা পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে।
দেরিতে হলেও দমকল বাহিনীর আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা শাখা থেকে আসা ৮টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় একজন ফায়ারম্যান ও তিনজন বস্তিবাসী আগুনে পুড়ে আহত হয়।
আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই সূত্রপাত হওয়া এই অগ্নিকান্ডে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।
অপরদিকে স্থানীয়রা দাবি করছে আগুনের লেলিহান শিখায় তাদের ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
