হংকং সম্মেলনের ফলাফল: পোশাক শিল্পে শ্রমিকের কর্মহীনতার আশংকা বাস্তবে রূপ নিচ্ছে
হংকংয়ে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) মন্ত্রী পরিষদ সম্মেলনের ফলাফলে দেশের তৈরি পোশাক শিল্পের ২০ লাখ শ্রমিকের জীবিকা হারানোর আশংকা বাস্তবে রূপ নিতে যাচ্ছে।
হংকং সম্মেলনের ফলাফলের ওপর বেসরকারি সংস্থা ইনসিডিন বাংলাদেশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নির্বাহী পরিচালক এ কে এম মুশতাক আলী শুক্রবার একথা বলেন।
তিনি বলেন, হংকং ঘোষণায় স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকারের তালিকা থেকে বাদ দেওয়ায় পোশাক শিল্পে শ্রমিকের কাজ হারানোর পরিস্থিতি তৈরি হচ্ছে।
তবে তিনি আগামী জেনেভা ও ওয়াশিংটন বৈঠকে বাণিজ্য সমঝোতা ও দরকষাকষিতে সরকারি ও বেসরকারি প্রতিনিধিদের অভিন্ন ও সমন্বিত কৌশলের ওপর জোর দেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাসিমুল আহসান, রফিকুল ইসলাম আলম এবং তারিকুল হাসান।
মুশতাক আলী বলেন, যুক্তরাষ্ট্র তার বাজার সুরক্ষার ভয়াবহ ক্ষমতা নিশ্চিত করতে স্বল্পোন্নত দেশগুলোকে তিন শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা দিচ্ছে না।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের খাদ্য নিয়ে রাজনীতিকে এবারের সম্মেলনেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। উন্নত দেশগুলো থেকে প্রাপ্ত সাহায্যকে তৃতীয় কোন দেশ বিক্রি করার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের জন্যে পূঁজি যোগাড় করার ক্ষেত্রে স্বল্পোন্নত দেশের দাবি এ সম্মেলনেও পূরণ হয়নি। ভবিষ্যত দেন দরবারের জন্য তা মূলতবী হয়ে আছে।
সেবাখাত প্রসঙ্গে তিনি বলেন, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর নিরন্তন প্রতিরোধ সত্ত্বেও সেবাখাত উন্নত দেশগুলোর বড় বড় করপোরেশনগুলির জন্যে উন্মুক্ত হয়ে যাচ্ছে ২০০৫ সালের শুরু থেকেই।
সংবাদ সম্মেলনে ইনসিডিনের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের চামড়া শিল্পও আন্তর্জাতিক বাজারে শুল্ক মুক্ত প্রবেশাধিকার হারাচ্ছে। মূলত: হংকং সম্মেলনে জাপান বাংলাদেশের চামড়া শিল্পে শুল্কমুক্ত সুবিধা দিতে অস্বীকার করেছে।
ইনসিডিনের পক্ষ থেকে জানানো হয়, হংকংয়ে ১৭ ডিসেম্বর সম্মেলন বিরোধী প্রতিবাদে ৯০ জন আহত এবং ৯০০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলন শেষে হংকংয়ে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) মন্ত্রী পরিষদের সম্মেলন চলাকালীন সময়ে সম্মেলন বিরোধী প্রতিবাদের ওপর একটি প্রামাণ্য চিত্রও প্রদর্শণ করা হয়।
