ফরিদপুরে ১৮ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে জেএমবি’র চিঠি, দেশের বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার ৩
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) বৃহস্পতিবার ফরিদপুরের বিরোধী দলীয় রাজনীতিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাসহ ১৮জন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি দিয়েছে।
চিঠিতে বৈশাখী মেলা, ঐতিহ্যবাহী জসীম পল্লী মেলাসহ সকল প্রকার সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ না করা হলে হামলা করা হবে বলেও হুমকি দেওয়া হয়।
অপরদিকে, গোপালগঞ্জ, ফেনী ও কুষ্টিয়া থেকে বিডিনিউজ প্রতিনিধিদের পাঠানো খবর অনুযায়ী পুলিশ সারা দেশে জঙ্গি সন্দেহে মোট তিনজনকে গ্রেপ্তার করেছে।
আমাদের ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে বৃহস্পতিবার পাঠানো এক চিঠির মাধ্যমে বিভিন্ন শ্রেণী ও পেশার ১৮ ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে জেএমবি।
জানা গেছে, ঐ চিঠিতে জেএমবি দাবী করেছে ফরিদপুরে কোন জসীম পল্লী মেলা, যাত্রা, বৈশাখী মেলা বা বিভিন্ন দিবসের অনুষ্ঠান করা যাবে না। এ ছাড়া ফরিদপুরে কোন পতিতালয় থাকতে পারবে না এবং সুদমুক্ত ব্যাংক ছাড়া অন্য সব ব্যাংকে হামলা চালানো হবে বলেও চিঠিতে হুমকি দেওয়া হয়।
হুমকিপ্রাপ্ত ১৮ ব্যক্তিবর্গ হচ্ছেন-- জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী জায়নুল আবেদীন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলু, আওয়ামী লীগ নেতা ও শিল্পপতি এ কে আজাদ, জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন, বিএনপি নেতা খন্দকার চাঁদ, সাংবাদিক হারুন-অর-রশীদ, ঠিকাদার শেখ সিদ্দিক, ব্যবসায়ী আব্দুল হালিম, জীবন সাহা, জাতীয় পার্টি (এরশাদ) নেতা সাইফুল ইসলাম নিলূ, ব্যবসায়ী আমানখন্দকার, অধ্যক্ষ আলতাফ হোসেন, অধ্যাপক আজিজুল হক খান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা আনসারউদ্দিন আহমেদ, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মোঃ জসীমউদ্দিন খান, কোতোয়ালী থানার এসআই আমিনুর রহমান এবং মোসাদ্দেক হোসেন।
জেএমবি তাদের শক্তি সম্পর্কে ধারনা দিয়ে লিখেছে, “আমাদের শক্তিশালী নেটওয়ার্ক কত বি¯তৃত তা আর্মি, র্যাব, পুলিশ তো দুরের কথা- এফবিআই, সিআইএ, মোসাদ অথবা স্কটল্যান্ড ইয়ার্ডেরও জানা নেই।”
বিডিনিউজের গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলায় জড়িত সন্দেহে পুলিশ এক জঙ্গি সদস্যকে গ্রেপ্তার করেছে। গোপালগঞ্জ পুলিশ সাতক্ষীরা থেকে বুধবার মিলন খান (২১) নামের এই জঙ্গিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জেএমবি সদস্য’র বাড়ি বাগেরহাট জেলার মোল্লার হাট। বৃহস্পতিবার জঙ্গি মিলনকে ম্যাজিষ্ট্রেট আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়। পুলিশ এ পর্যন্ত ১৭ আগস্ট গোপালগঞ্জে বোমা হামলার ঘটনায় চার্জশীটভুক্ত চার জঙ্গিকে গ্রেপ্তার করেছে।
ফেনী প্রতিনিধি জানান, ফেনীর দাগনভূঞায় জেএমবি সদস্য সন্দেহে এক মাদ্রাসা শিক্ষককে পুলিশ আটক করে। এই মাদ্রাসা শিক্ষকের কাছে জেহাদী বই পাওয়া গেছে।
পুলিশ জানায়, ভোলা জেলার লালমোহন উপজেলার মোঃ মোস্তফার ছেলে মুসলিম শরিফ (৩০) দাগনভূঞা উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের দেবপুর গ্রামের আজিজুল উলুম নুরানী মাদ্রাসায় শিক্ষকতা করে। বেশ কিছুদিন ধরে সে এলাকার যুবকদের জেহাদী বই বিতরণ করছিল। এরকম একটি বই বুধবার পুলিশের হাতে এলে রাত ন’টায় শরিফকে মাদ্রাসা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
“কখন ইসলামের বিশ্ব বিজয় সাধিত হবে?” নামের এই জেহাদী বইটির প্রচ্ছদে পৃথিবীর মানচিত্র এবং ধর্মগ্রন্থের সঙ্গে বন্দুকের ছবি ছাপানো রয়েছে। এছাড়া বইটির ভিতরে উস্কানীমূলক কথার পাশাপাশি ধর্মীয় বিভিন্ন বিষয়ে বিভ্রান্তিকর তথ্য রয়েছে। বইটির রচয়িতা হচ্ছেন জনৈক মাওলানা মোহাম্মদ তৈয়ব সোলতানী।
আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানায়, কুষ্টিয়া থেকে জঙ্গি সন্দেহে এক মাদ্রাসা ছাত্রকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বিশেষ ধরনের ব্যটারী, দু’টি ক্যাপাসিটর, কয়েকটি ট্রান্সফরমার, দু’টি ইলেকট্রিক সার্কিট, ইলেকট্রিক তার, কৌটা ভর্তি পাউডারসহ ইসলামী ছাত্র শিবিরের ‘কর্মপদ্ধতি’ সহ বিভিন্ন জেহাদী প্রকাশনা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,কুষ্টিয়া মজমপুরের শীর্ষস্থানীয় দৈনিক আন্দোলনের বাজার-এর কার্যালয়ের সামনে একটি কালো ট্রাভেল ব্যাগসহ এক কিশোরকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে নিরাপত্তা কর্মী ও সাংবাদিকরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আটককৃত কিশোর নিজেকে সোহেল রানা (১৫) বলে পরিচয় দেয়। সে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পশ্চিম আব্দালপুর গ্রামের আমীর আলীর ছেলে এবং স্থানীয় বিষ্ণুদিয়া হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। গ্রেপ্তারকৃত কিশোর শিবিরের নেতাকর্মীদের সাথে যোগাযোগের কথা স্বীকার করলেও কোন জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে আতংক ছড়িয়ে পড়ে। সাংবাদিকদের পক্ষে ওই পত্রিকার সম্পাদক মনজুর এহসান চৌধুরী পুলিশ প্রশাসনের নিকট নিরাপত্তা জোরদারের দাবী জানায়।
