২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে বাধাপ্রাপ্তের ঘটনায় দুজনকে দায়ী করে তদন্তরিপোর্ট পেশ

চট্রগামের ষোলশহর রেলগেটে প্রধানমন্ত্রীর গাড়ি বহর চার মিনিটের জন্য থমকে যাওয়ার ঘটনায় রেলওয়ের পশ্চিমাঞ্চল বিভাগ গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি বৃহস্পতিবার তদন্ত রিপোর্ট পেশ করেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে এ ঘটনার জন্য ষোলশহর রেল স্টেশনের স্টেশন মাস্টার আবুল হোসেন এবং সহকারী স্টেশন মাস্টার আনোয়ার করিম সিকদারের অবহেলাকে দায়ী করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2005, 09:02 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

তদন্ত কমিটির একজন সদস্য জানান, যদিও ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশন মাস্টার আবুল হোসেন এবং গেটম্যান আবুল কাসেমকে সাসপেন্ড করেছিল, কিন্তু তদন্ত কমিটি গেটম্যানকে অভিযোগ থেকে মুক্তি দেয়।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার চট্রগ্রামে তার সফরকালে দুপুর তিনটার দিকে ষোলশহর রেলগেটে এ ঘটনা ঘটে। এ সময় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চট্রগ্রাম শহরগামী একটি শাটল ট্রেনের কারণে প্রধানমন্ত্রীর গাড়ি বহর চার মিনিটের জন্য থমকে থাকে।

তদন্ত প্রতিবেদনে বলা হয় রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশন মাস্টার আবুল হোসেনকে প্রধানমন্ত্রীর সফরসূচির বিষয়ে ভালো ভাবেই অবহিত করে। কিন্তুু তিনি তার দায়িত্বে অবহেলা করেন। তদন্ত কমিটির প্রতিবেদনে পরবর্তী সময়ে ভিভিআইপি’র সফরের ক্ষেত্রে এ ধরনের দূর্ঘটনা এড়াতে রেলওয়ে ও প্রশাসনের সমন্বয়ের উপর জোর দেওয়ার বিষয়টিও উল্লেখ করে।

এদিকে এই ঘটনার পরপরই বিষয়টি স্যাবোটাজ কিনা তা তদন্ত করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা অন্ততপক্ষে পাঁচ রেলওয়ে কর্মীকে আটক করে জিঞ্জাসাবাদ করে। কিন্তুু তদন্তে কোন কিছু না পাওয়ায় পরে তাদের সবাইকে মুক্তি দেওয়া হয়।