ডাব্লিউটিও সম্মেলনে দেশের অপ্রাপ্তির বিষয় অস্বীকার করলেও সাফল্য উল্লেখ করেননি সাবেক বিজিএমইএ সভাপতি
হংকংয়ে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তির ব্যর্থতা অস্বীকার করলেও কোনও সাফল্যের কথা উল্লেখ করতে পারলেন না বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক।
হংকং সম্মেলনের ফলাফলের ওপর বাংলাদেশ গার্মেন্টস প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বুধবার সাবেক সভাপতি আনিসুল হক শুল্কমুক্ত সুবিধা না পাওয়ার কারণে সরকারের অভ্যন্তরীণ সহায়তা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
তবে তিনি সরকারি প্রতিনিধি দলের ব্যর্থতা সম্পর্কে সরাসরি মন্তব্য করতে অস্বীকার করেন।
এসময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি টিপু মুনসী, পরিচালক এসএম ফজলুল হক, আনোয়ারুল আলম পারভেজ, শহিদুল হক সিকদার এবং অপর নেতৃবৃন্দ।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশের জন্যে ৯৭ শতাংশ শুল্কমুক্ত সুবিধার বাইরে যেসব পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে, তা এখনও নির্ধারণ করা হয়নি।
তিনি বলেন, শুল্ক কাঠামো ১০ডিজিট নির্ধারিত হলে আমরা কিছু পণ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা পেতে পারি। এখন অবশ্য আট ডিজিট শুল্ক কাঠামো নিধারিত হওয়ার সম্ভবনা রয়েছে, যাতে আমাদের তেমন কোনও সুবিধাই হবে না।
তিনি ডাব্লিউটিও’র হংকং সম্মেলনে পাকিস্তান ও শ্রীলংকার বিরোধিতার নিন্দা জানান।
আনিসুল হক সরকারকে দ্বিপাক্ষিক পর্যায়ে রাজনৈতিকভাবে মার্কিন প্রশাসনের কাছে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার উদ্যোগ নেয়ার আহবান জানান। পাশাপাশি একই সঙ্গে মার্কিন ট্রেড বিল ২০০৫ কার্যকর করার প্রচেষ্টা নেওয়া জন্যেও সরকারের প্রতি আহবান জানান।
হংকং সম্মেলনে বাংলাদেশের সর্বশেষ প্রস্তাব ছিল প্রতিটি পণ্যের ক্ষেত্রে ন্যূনতম এক বিলিয়ন ডলার পরিমাণ শুল্কমুক্ত সুবিধা প্রদান--এ কথা উল্লেখ করে তিনি বলেন, প্রকৃত পক্ষে বাংলাদেশ কি সুবিধা অর্জন করেছে, তা নির্ধারিত হবে আগামী ফেব্র“য়ারিতে অনুষ্ঠেয় জেনেভা বৈঠকে।
বিজিএমইএ সভাপতি টিপু মুনসী বহুপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা না পাওয়ায় সরকারকে সার্ক কিউমুলেশন, বন্ডেড ওয়্যার হাউজ এবং অবকাঠামোর ক্ষেত্রে সরাসরি সহায়তা প্রদানের দাবি জানান।
