২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসন পুনঃনিশ্চিত করতে বিমানের হজ্ব এজেন্টদের ২৫ ডিসেম্বরের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে

বিমান বাংলাদেশ এয়ালাইন্সের হজ্ব এজেন্টদের ২৫ ডিসেম্বর রোববারের মধ্যে হজ্ব ভিসা দেখিয়ে সমুদয় অর্থ পরিশোধ করতে হবে। তবেই বিমান কর্তৃপক্ষ তাদের বরাদ্দকৃত আসন পুনঃনিশ্চিত করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 05:08 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

অন্যথায় বিমান কর্তৃপক্ষ তাদের বরাদ্দকৃত আসন বাতিল করবে বলে বুধবার সংস্থার এক উচ্চপর্যায়ের সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সভার অপর সিদ্ধান্ত অনুযায়ী যে সব এজেন্টরা ২৫ ডিসেম্বরের মধ্যে ভিসা সংগ্রহ করতে পারবেন না, তাদেরকেও ওই তারিখের মধ্যে পিলগ্রিম পাশ নম্বর ও নামের তালিকাসহ টিকিটের সমুদয় অর্থ পরিশোধ করতে হবে। তারা ভিসা দেখিয়ে ২৮ ডিসেম্বর বুধবারের মধ্যে আসন পুনঃনিশ্চিত করবেন।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী, হজ্ব এজেন্সি অব বাংলাদেশের (হাব) সভাপতি, বিমান ও সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর মোট ব্যালটি হাজ্বীর সংখ্যা ২ হাজার ৬২১ জন। ব্যালটি হাজ্বীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৫০ মার্কিন ডলার। নন-ব্যালটি হাজ্বীর সংখ্যা প্রায় ৪০ হাজার। তাদের বিমান ভাড়া পড়বে এক হাজার ৫০ মার্কিন ডলার।

হজ্বযাত্রী পরিবহনে বিমান সম্প্রতি দুটি বোয়িং -- ৭৪৭ এবং একটি এয়ারবাস ভাড়া করে আনে।

বিমানের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোও তাদের নিয়মিত ফ্লাইটে আরও ১০ থেকে ১২ হাজার হজ্বযাত্রী পরিবহন করবে।

বিমান এ বছর ৮৬ টি হজ্ব ফ্লাইট পরিচালনা করবে। হজ্ব ফ্লাইট চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ফিরতি হজ্ব ফ্লাইটও হবে ৮৬টি। ১৩ জানুয়ারি থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে ফিরতি হজ্ব ফ্লাইট।