মাগুরায় বিএনপি--আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২৫
মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার সকাল ৮টার দিকে শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা নবুওয়াত আলী এবং স্থানীয় বিএনপি নেতা জহুর চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালীন সময়ে ১১ টি বাড়ি ভাংচুর করা হয়। এ সময় ২৫ জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে শ্রীপুর থানা ও মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে এলেম শেখ(৬৫), মোস্তফা শেখ(৫০), ইদ্রিস শেখ (৩৫), ইসলাম শেখ(৫০), আনারুল (৩০), মকছেদ (৬৫), খালেক (১৮) ও খালেদাকে (১৮) শ্রীপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে এলেম শেখের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনও মামলা হয়নি।
