বরিশালে জেএমবি সদস্য গ্রেপ্তার : ফেন্সিডিল এবং বিস্ফোরক উদ্ধার
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের বাসা সংলগ্ন সাধুর বটতলার নিজ বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’র (জেএমবি) এক সদস্যকে কোতয়ালী থানা পুলিশ বুধবার সকালে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত সদস্যের নাম হেমায়েত উদ্দিন।
পুলিশ জানায়, হেমায়েতের বাসা থেকে সাতটি বোমা, দুইটি বিদেশী রিভলবার, জেহাদী বই এবং ফেন্সিডিল পুলিশ উদ্ধার করে।
এদিকে হেমায়েত নিজেকে নির্দোষ বলে দাবি করে বলেছে, তার ছোট ভাই এনায়েত তাকে ফাঁসানোর জন্য বোমাগুলো রেখে গেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জিল্লুর রহমান বিডিনিউজকে জানান, উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে এবং হেমায়েতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
