২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের ভবিষ্যত নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ: সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে পূর্ণাঙ্গ অংশীদারিত্বের আহবান

বাংলাদেশের ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র সরকার মঙ্গলবার সুস্পষ্টভাবে বলেছে, তারা আশা করছে ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ পূর্ণাঙ্গ সহযোগী হিসেবে অবস্থান নেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 10:16 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এক অনলাইন আলোচনায় অংশ নিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ সহকারী মন্ত্রী জন অ্যন্থনি গ্যাস্টরাইট জুনিয়র বলেন, বাংলাদেশ সরকারের উচিত ইসলামী জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যবস্থাপনাগুলো বন্ধ করে দেওয়া এবং জঙ্গি প্রধান বাংলা ভাই ও আবদুর রহমানকে আটক করা।

গুটি কয়েক সিনিয়র জঙ্গি নেতাকে কব্জায় এনে যারা মনে করছেন জঙ্গিবাদ দমনে সাফল্য এসেছে তাদের সতর্ক করে দেন গ্যাস্টরাইট।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে অনলাইনে আলোচনাকালে তিনি আরও বলেন, আমরা জেএমবি’র কয়েকজন নেতাকে গ্রেপ্তার ও বিপুল পরিমান অস্ত্র ও বিষ্ফোরক উদ্ধারের সাফল্যকে স্বাগত জানাই, কিন্তু মনে রাখতে হবে অধিকাংশ শীর্ষ নেতাই এখনো পলাতক রয়েছে এবং জেএমবি’র সত্যিকারের ক্ষমতা কতটুকু তা এখনো পরিস্কার নয়। 

বাংলাদেশের একদল সাংবাদিকের সাথে আলোচনাকালে গ্যাস্টরাইট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পূর্ণ অংশীদারিত্ব স্থাপনের মধ্যে দিয়ে সমস্যা সমাধান করা প্রয়োজন এমন কতিপয় বিষয় উল্লেখ করেন।

এর মধ্যে রয়েছে সরকারের উর্ধতনদের কার্যক্রমের ওপর পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা। স্বল্প কিছু সাফল্যের পরই প্রচেষ্টা থামিয়ে দেওয়ার পক্ষে নন তিনি ।

বাংলাদেশে মুদ্রা পাচার বিরোধী আইন বাস্তবায়নের পথ নির্দেশের ওপর জোর দিয়ে মার্কিন কর্মকর্তা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী কনভেনশনের পক্ষে বাংলাদেশের সক্রিয় সমর্থনের আহবান জানান। এছাড়াও তিনি মনে করেন ওআইসি ভুক্ত দেশগুলোকে এ কনভেনশনের পক্ষে নিয়ে আসতে বাংলাদেশ লবি করতে পারে। 

বাংলাদেশকে সহযোগিতা দিতে আমরা প্রস্তত, তকে একই সাথে বাংলাদেশ সরকারকেও আমাদের প্রতি পুর্ণ সমর্থন নিয়ে এগিযে আসার আহবান জানাচ্ছি। জঙ্গিবাদী ও অন্যান্য সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আমরা বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহী কিন্তু তার জন্যে পারস্পরিক অংশীদারিত্ব পূর্ণ মাত্রায় স্থাপন করতে হবে।

পরবর্তী সাধারণ নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে গ্যাস্টরাইট বলেন, আমরা মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আসন্ন জাতীয় নির্বাচনে সকল দলের অংশগ্রহণে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা এবং নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার মানসিকতা গড়ে তোলা।

তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত সকল রাজনৈতিক দলের সহযোগিতা নিয়ে নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে এখই প্রস্তুতি নেয়া।

তবে ২০০৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে কিনা সে বিষয়টি এখন যে প্রশ্নবিদ্ধ তা স্বীকার করেন গ্রাস্টরাইট।

এ প্রস্তুতির মধ্যে তিনি নির্বাচনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগ, ভোটারদের বিশেষ করে সংখ্যালঘুদের সুরক্ষার ওপর জোর দেন। 

দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত রাখা এবং উগ্রপন্থীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ বাংলাদেশের পক্ষে সহজ হবে না বলে তিনি মন্তব্য করেন।

তবে তিনি বলেন, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যত গঠনে এ ব্যবস্থা গ্রহণ অপরিহার্য। বাংলাদেশ এ সমস্যাগুলো সমাধানে কাজ করছে বলে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা প্রদানে এগিয়ে আসবে এবং ভবিষ্যতে এ সহযোগিতা আরও জোরদার করা হবে।

বাংলাদেশের সংঘাতপূর্ণ রাজনীতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে গ্যাস্টরাইট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই আশা করে যে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো হরতাল ও ধর্মঘটের পথ পরিহার করে রাজনীতিকে সংসদমুখী করবে। কেননা হরতাল ও ধর্মঘটে বাংলাদেশের  ব্যবসায়ী সম্প্রদায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন। বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করছে এর সহিষ্ণুতা ও উদারনৈতিকতার প্রতি নিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, কার্যকরভাবে দুর্নীতি রোধ, অথনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, সকলের সমান অধিকার প্রতিষ্ঠা এবং উগ্রপন্থীদের কার্যকরভাবে মোকাবেলার ওপর।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য ও অকার্যকর রাজনৈতিক দল সরকার ও বিরোধী পক্ষ উভয়কেই ক্ষতিগ্রস্ত করে। প্রায়শই রাজনৈতিক দলগুলো প্রাতিষ্ঠানিক রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবর্তে সংঘর্ষ ও ধর্মঘটের পথ বেছে নেয়। এর ফলে দেশের মানুষ প্রকৃত রাজনৈতিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। এটি উগ্রপন্থাকেও উৎসাহিত করে বলে তিনি মত প্রকাশ করেন।

উগ্রবাদের উত্তরণ ঠেকাতে গণতন্ত্র ও সুশীল সমাজকে শক্তিশালী করার ওপর জোর দেন ওই মার্কিন কর্মকর্তা।

দুর্নীতি বিষয়ক এক প্রশ্নের জবাবে মার্কিন উপ-সহকারী মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি খাতে দুর্নীতির কারণেই আইন শৃঙ্খলা ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ছে।

তিনি বলেন, দুর্নীতির কারণে সরকারের আত্মবিশ্বাস ও দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দুর্নীতি এখন বাংলাদেশের অস্তিত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে সরকারের প্রতিশ্র“তি রক্ষার্থে ভালোভাবে কাজ করা উচিত।

তিনি আরও বলেন, সরকারের উচিত হবে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা এবং দুর্নীতি দমন কমিশনকে পর্যাপ্ত সম্পদ ও কর্তৃত্ব দিয়ে প্রকৃত স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করা।

বাংলাদেশের জেএমবি’র সঙ্গে কোনও আন্তর্জাাতিক সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্র আছে কিনা এমন প্রশ্নের জবাবে গ্যাস্টরাইট বলেন, জেএমবি আল কায়েদার মতো একই রকম কৌশল প্রয়োগ করছে।

আনুষ্ঠানিকভাবে তারা আল কায়েদার সঙ্গে সংযুক্ত হোক বা না হোক তারা বাংলাদেশের গণতান্ত্রিক ও শান্তিপ্রিয় মানুষের ওপর সংঘাতপূর্ণ উগ্র মতবাদ চাপিয়ে দিতে চায়। তারা প্রকৃত পক্ষে গণতন্ত্রের শত্র“।