এনায়েতের স্বীকারোক্তি ‘অনুতপ্ত নই’, উদ্ধার করা অস্ত্র বিস্ফোরক মজুদের তুলনায় সামান্য
জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) উপরের সারির নেতা এনায়েতউল্লাহ ওরফে জুয়েল ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর গাজীপুরে বোমা হামলার দায়দায়িত্ব স্বীকার করে বলেছে, ‘হামলার জন্যে আমি অনুতপ্ত নই, তবে পরিকল্পনায় ভুল ছিল। ইসলামী আইন কায়েম করতে হামলা করা হয়েছে এতে যদি নিরীহ লোকজন মারা গিয়ে থাকে তবে তারাও জান্নাতবাসী হবে।’
মঙ্গলবার বিকেলে গাজীপুরের ম্যাজিস্ট্রেট মাহমুদুল কবির মুরাদের আদালতে কঠোর নিরাপত্তার মধ্যে হাজির করা হলে এনায়েত অকপটে বোমা হামলার খুঁটিনাটি ও সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত তথ্য জানায়। সে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করা ম্যাজিস্ট্রেটকেও হেদায়েত করেন।
এনায়েত জবানবন্দিতে মন্তব্য করেছে গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তাদের মজুদ করা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের তুলনায় যৎসামান্য। সাম্প্রতিক ধরপাকড়ে জেএমবি’র জেলা পর্যায়ের নেতা গ্রেপ্তার হওয়ার পরও জঙ্গি বাহিনীর তৎপরতায় কোন সমস্যা হবে না বলে সে মনে করে। সংগঠনের রীতি অনুযায়ী নেতার অনুপস্থিতিতে পরবর্তী দায়িত্বপ্রাপ্ততা নির্ধারিত থাকে। তবে গাজীপুরে তার পরিবর্তে কে দায়িত্ব পেয়েছে এটা সে জানে না বলে জানায়।
এনায়েত আরো বলেছে, তাদের বিশ্বাস শায়খ আব্দুর রহমানের উপর আত্মঘাতী বোমা হামলার সিদ্ধান্ত হলে তিনি (শায়খ রহমান) খুশি মনে তা করবেন।
গত ৫ ডিসেম্বর ভোরে গাজীপুর তেলিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে স্ত্রী স্বপ্না ও তিন বছরের পুত্র খালেদসহ এনায়েতকে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তাকে দুটি বোমা হামলা মামলায় দফায় দফায় রিমান্ডে নেয়া হয়। মঙ্গলবার এনায়েত ছাড়াও স্ত্রী স্বপ্না, বিস্ফোরক মামলায় গ্রেপ্তারকৃত হেমায়েতউদ্দিন (৫০), তার স্ত্রী হেনা বেগম (৪০), ছেলে মাজহারুল ইসলাম মাসুম (১৮), স্কুল শিক্ষক নজরুল ইসলামকে (৩৮) রিমান্ড শেষে আদালতে উঠানো হয়। ম্যাজিস্ট্রেট তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে এনায়েতউল্লাহ জুয়েলকে মঙ্গলবার নতুন একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়।
