প্রতিযোগিতাপূর্ণ অবস্থান তৈরির কারণেই টেক্সটাইল রপ্তানিতে সুবিধা প্রাপ্তি থেকে বাংলাদেশ বাদ
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতাপূর্ণ অবস্থান তৈরি করে নেওয়ার কারণেই ডব্লিউটিও খসড়া ঘোষণায় বাংলাদেশের টেক্সটাইল পণ্য রপ্তানি ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা থেকে বাদ পড়েছে। ডব্লিউটিও সম্মেলন শেষে ঢাকায় ফিরে এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এ কথা বলেছেন।
মন্ত্রী বলেন, মার্কিন বাণিজ্যমন্ত্রী রব পোর্টম্যানসহ উন্নত দেশের প্রতিনিধিরা স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে, তারা বাংলাদেশের টেক্সটাইল পণ্যকে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা দেবেন না।
তবে এখনও এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে বাণিজ্যমন্ত্রী দাবি করেন। তিনি বলেন, ‘পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে অনুষ্ঠেয় বৈঠকে আমরা কি পাবো, আর কি পাবো না সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হবে’।
ডব্লিউটিও সম্মেলনে মন্ত্রীর সহযোগীরা দাবি করেন যে, আলোচনায় বাংলাদেশ কোনও ছাড় দেয়নি, সে কারণেই স্বল্পোন্নত দেশগুলো টেক্সটাইল ছাড়া ৯৭ ভাগ পণ্যের ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা নিশ্চিত করতে পেরেছে।
সম্মেলনের শেষদিন রোববার হংকং খসড়া ঘোষণার চতুর্থ ও চূড়ান্ত সংস্করণ প্রকাশ করা হয়। সপ্তাহ ধরে দরকষাকষি চলার পর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ব্রাজিল ও ভারতসহ উন্নত রাষ্ট্রগুলো স্বল্পোন্নত দেশের ৯৭ ভাগ পণ্যে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা দিতে সম্মত হয়। তবে শেষ মুহূর্তে এ তালিকা থেকে টেক্সটাইল পণ্যকে বাদ দেওয়া হয়।
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের দুই তৃতীয়াংশ আসে টেক্সটাইল পণ্য রপ্তানির মাধ্যমে। কিন্তু ডব্লিউটিও সম্মেলনে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা না পাওয়ায় রপ্তানিকারকরা উদ্বেগ প্রকাশ করেন। এখাতে মোট ২৫ লাখ শ্রমিক কর্মরত রয়েছে।
আলতাফ হোসেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারের ক্ষেত্রে বর্তমানে আমরা শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাই না। অন্তত ৯৭ ভাগ পণ্যের ক্ষেত্রে তো এ সুবিধা পাওয়া গেল।
এখনও শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়া পণ্যের তালিকায় বাংলাদেশী টেক্সটাইলের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, বিভিন্ন পর্যায়ের আলোচনার মাধ্যমে বাকি তিন ভাগ পণ্যের ক্ষেত্রেও এ সুবিধা পাওয়া যাবে। ২০০৬ সালে জেনেভা ও ওয়াশিংটনে অনুষ্ঠেয় দু’টি বৈঠকে বাংলাদেশ টেক্সটাইল পণ্যের ব্যাপারে দরকাষাকষি করার সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ইতোমধ্যেই জাপান আশ্বাস দিয়েছে যে তারা বাংলাদেশী টেক্সটাইল পণ্যকে বাদ দেওয়া তিনভাগ পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত করবে না। এছাড়াও বাংলাদেশ জিএসপি ব্যবস্থায় ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে বলে তিনি জানান।
ডব্লিউটিও সেলের মহাপরিচালক ড. নাসিরুদ্দিন আহমেদ বলেন, আমরা স্বল্পোন্নত দেশের সকল পণ্যের ক্ষেত্রে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দাবি করেছিলাম। তবে বিশ্ব বাজারে প্রতিযোগিতাপূর্ণ অবস্থান তৈরির অজুহাতে ধনী দেশগুলো বাংলাদেশের টেক্সটাইল পণ্যকে এ সুবিধা দিতে অস্বীকার করে।
সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশী প্রতিনিধিদলের অন্যতম সদস্য সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) পরিচালক ড. মুস্তাফিজুর রহমান বলেন, আমাদের টেক্সটাইল পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকারের ক্ষেত্রে পাকিস্তান বিরোধীতা করেছে। আমরা অনেক চেষ্টা করেও এক্ষেত্রে ব্যর্থ হয়েছি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
