২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাব্লিউটিও’র সম্মেলন থেকে বাণিজ্যমন্ত্রী ভয়াবহ ক্ষতির ঝুঁকি বয়ে এনেছেন: জলিল

হংকংয়ে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) সম্মেলন থেকে বাণিজ্যমন্ত্রী কেবল শূন্য হাতেই ফেরেননি, তিনি ভবিষ্যতের জন্য ভয়াবহ ক্ষতির ঝুঁকি বয়ে এনেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2005, 05:26 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিল এমপি মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাব্লিউটিও’র সম্মেলনে ‘বাংলাদেশ প্রতিনিধি দলের চরম ব্যর্থতা’ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে একথা বলেন।  

ডাব্লউটিও সম্মেলনে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়ে -- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ২০ জাতি বা ৩৩ জাতি গ্র“প বাংলাদেশের পাওনার ব্যাপারে সমর্থন করেনি। এমন কি আমেরিকার বাইরে পাকিস্তান ও শ্রীলঙ্কা বাংলাদেশের বিরোধিতা করেছে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে তৈরি পোষাক শিল্প প্রবল অসম প্রতিযোগিতার মধ্যে পড়বে। এ ছাড়া জাতীয় অর্থনীতির জন্য হতে পারে চরম বিপর্যয়।

তিনি আরো বলেন, মার্কিন নেতৃত্বাধীন ধনী দেশগুলো ৯৭ শতাংশ পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার মেনে নিলেও বাংলাদেশের দাবি প্রত্যাখ্যাত হয়েছে। ফলে পোষাক শিল্প ছাড়াও চামড়া শিল্প খাতে নেতিবাচক প্রভাব পড়বে।

এদিকে বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তব্যের বিরোধিতা করে বলেন, স্বল্পোন্নত দেশগুলো ৯৭ শতাংশ শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাবে।       

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক পরিকল্পনা মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, মতিয়া চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত, ওবায়েদুল কাদের প্রমুখ।   

‘হংকং সম্মেলনে বাংলাদেশ ছিলো একেবারে প্রস্তুতিহীন’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘ সময় পাওয়া সত্ত্বেও সরকার ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনের জন্য কোনো ধরণের হোমওর্য়াক করা হয়নি। এমন কি ধনী দেশগুলোর সঙ্গে বৈঠক পূর্ববতী কোনো আলোচনাও বাংলাদেশ প্রতিনিধি করেন নি।

তোফায়েল আহমেদ বলেন, হংকং সম্মেলনে প্রাধান্য নির্ধারনের বাংলাদেশ ব্যর্থ হয়েছে।

বাণিজ্যমন্ত্রীর সম্মেলনে ভেটো দান প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার মাধ্যমে বাণিজ্যমন্ত্রী নিজেকেই হাস্যপদ করেছেন।

তিনি বলেন, ডব্লিউটিওতে একক দেশ হিসেবে ভেটো প্রদান করে কোনো চাপ প্রয়োগ করা যায় না। বরং বিভিন্ন গ্র“পের চাপ কার্যকর করতে হয়। 

তিনি আরো বলেন, বাংলাদেশ এই প্রথমবারের মত ডব্লিউটিও’র কোর কমিটির আলোচনায় অংশ নিতে পারেনি। অথচ স্বল্পোন্নত দেশ হিসেবে জিম্বাবুয়ে ও সেনেগাল ডব্লিউটিও কোর কমিটির আলোচনায় অংশ নেয়।    

সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী  বলেন, এবার প্রাক প্রস্তুতি হিসেবে সম্মেলন পূর্বে কোনো দেশের সঙ্গে আলোচনা হয়নি। অথচ আমাদের সময়ে আমরা স্বল্পোন্নত দেশগুলো ছাড়াও সার্ক পযায়ে এমনকি বিভিন্ন উন্নত দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক প্রাক সমর্থন আদায়ের জন্য বৈঠক করেছি।

বাংলাদেশ বাণিজ্য সমঝোতায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, হংকং মন্ত্রী পর্যায়ের সম্মেলনে দেশের স্বার্থকে জানাজা করা হয়েছে এবং আগামী ফেব্র“য়ারি জেনেভা বৈঠকে কূলখানি করা হবে।  

মহিউদ্দিন খান আলমগীর বলেন, ওইসব ব্যর্থতার কারণে বাংলাদেশে রপ্তানি হ্রাস পাবে। ফলে ডলারে দাম ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির পাশাপাশি গণখাতে প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা কমে যাবে। 

মতিয়া চৌধুরী বলেন, কৃষিখাতে দেশ স্বয়ং সম্পূর্ণ হওয়ার চেয়েও ওইসব ব্যর্থতার কারণে খাদ্যশষ্য আমদানিকারক দেশে পরিনত হবে।