২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি’র মজলিস--ই--সুরার সদস্যদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

বাংলাদেশ সরকার সোমবার নিষিদ্ধঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নীতিনির্ধারক কমিটি মজলিস--ই--সুরার প্রতি সদস্যকে ধরিয়ে দিলে দশ লাখ টাকা ও দলের প্রতিটি আত্মঘাতী সদস্যকে ধরিয়ে দিলে দুই লাখ টাকার পুরস্কার প্রদানের নতুন ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেসনোটে এ পুরস্কারের ঘোষণার কথা জানানো হয়।

যুগ্ম স্বরাষ্ট্র সচিব মুহাম্মদ হারুন চৌধুরীর স্বাক্ষরিত প্রেসনোট বলা হয়, ঘোষিত পুরস্কার জেএমবি’র মজলিস-- ই-- সুরা, আত্মঘাতী দলের সদস্য এবং এহসার (সার্বক্ষণিক সদস্য) গ্রেপ্তারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রতি মজলিস-- ই-- সুরা সদস্যের জন্য ১০ লাখ, প্রতি আত্মঘাতী সদস্য দুই লাখ এবং প্রতি এহসার সদস্যকে ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে।

এছাড়াও পলাতক জেএমবি সদস্যদের গ্রেপ্তারে পুলিশকে প্রকৃত তথ্য দিতে সরকার দেশের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।

এর আগে গত ২৮ অক্টোবর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান ও জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশের (জেএমজেবি) প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে গ্রেফতারের জন্যে ৫০ লাখ টাকা করে মোট এক কোটি টাকার পুরস্কারের ঘোষণা দেন।

বাংলা ভাই ও আব্দুর রহমানকে গত ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার এবং সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশে ইসলামী আইন প্রতিষ্ঠার মূল পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে গত ১১ সেপ্টেম্বর পুলিশের সদর দপ্তর থেকে বাংলা ভাই ও আব্দুর রহমানের ছবি বিতরণ করে তাদেরকে ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল। তবে সে সময় কি পরিমাণ অর্থ পুরস্কার দেয়া হবে তা জানানো হয়নি।

উল্লেখ্য, আব্দুর রহমান জামালপুরের চরশি খলিফাপাড়ার মৃত মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে ফজলের ছেলে এবং সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই বগুড়া জেলার গাবতলী উপজেলার দত্তপাড়া এলাকার মজিদ হোসেন মাস্টারের ছেলে।