অস্টেলিয়ায় শিক্ষাগ্রহণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ায় লেখা--পড়া বিষয়ে ‘নিউ কনসেপ্ট টু স্টাডি ইন অস্টেলিয়া’ শীর্ষক এক সেমিনার সোমবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটি ইন্টারন্যাশনাল কসফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি)।
স্বল্প খরচে কীভাবে অস্ট্রেলিয়ায় লেখা--পড়া করা যায় এবং কীভাবে চাকরির প্রয়োজননির্ভর জনশক্তি গড়ে তোলা যায়, এ বিষয়ের ওপর আলোকপাত করা হয় সেমিনারে। জানানো হয়, এআইটি ঢাকায় আগ্রহীদের প্রশিক্ষণ এবং শিক্ষার ব্যবস্থা করে কীভাবে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ করে দিচ্ছে।
সেমিনারে বলা হয়, উচ্চ শিক্ষার জন্যে আগ্রহী কোনো শিক্ষার্থী এআইটি ঢাকা সেন্টারে শিক্ষা গ্রহণ করলে আস্ট্রেলীয় বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউটে এই কোর্স ক্রেডিট গ্রহণ করবে। অন্যদিকে বর্তমানে একজন ছাত্রকে পুরো কোর্স ফি’র বিপরীতে যে ব্যাংক গ্যারান্টি দিতে হয়, তাতেও বিশেষ সুবিধা পাওয়া যাবে।
এতে মূল বক্তব্য রাখেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইনস্টিটিউট অব কমার্স অ্যান্ড টেকনোলজির (কিউআইসিটি) প্রধান নির্বাহী ড. কিম হং।
এআইটির চেয়ারম্যান রবার্ট আর্মস্ট্রংয়ের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এআইটির ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী মেসবাহ উদ্দিন আহমেদ বাবলু, কিউআইসিটির সিনিয়র প্রতিনিধি মিসেস কারমেল টাক এবং প্রতিষ্ঠানের পরিচালক মোসাদ্দেক শহীদ।
এই সেমিনারে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
