কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ে জঙ্গি সন্দেহে ৬ জন আটক
কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও থেকে পুলিশ সোমবার সকালে জঙ্গি সন্দেহে ছয়জনকে আটক করেছে।
বিডিনিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জানান, পুলিশ সোমবার সকালে জেলার বিভিন্ন এলাকা থেকে জঙ্গি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে। তাদের সকলকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হয়।
পুলিশ জানায়, এএসপি (সার্কেল) নুরুল আমিনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার সকালে রংপুর--কুড়িগ্রাম সড়কের চওড়াহাট নামক স্থানে সন্দেহজনক ঘোরাফেরার সময় টেম্পু ও মটরসাইকেল আরোহী চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো, আব্দুর রশিদ (২৮), আবুল কালাম (৩০), আবুল হোসেন (৪০), মাহবুবুর রহমান।
এছাড়া একই দিন সকালে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের কাছে আবু বকর (৩০) নামে এক ফেরিওয়ালাকে পুলিশ জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করে ।
বিডিনিউজ ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, পুলিশ সোমবার ভোরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের চুনিহারী মলানী গ্রাম থেকে ফজলুর রহমান নামে এক জঙ্গিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। এর আগে গ্রেপ্তার হওয়া এক জঙ্গি সদস্যের স্বীকারোক্তিতে পুলিশ ফজলুর রহমানকে গ্রেপ্তার করে।
সে গত ১৭ আগস্টের সিরিজ বোমা হামলার সাথে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। ঠাকুরগাঁও থানায় তাকে দিনব্যাপী জিজ্ঞাসাবাদ করা হয়।
