২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৪ বছরেও নির্ধারণ পটুয়াখালী-ভোলার চরাঞ্চলের সীমানা

দীর্ঘ ৩৪ বছরেরও পটুয়াখালী-ভোলা সীমান্তবর্তী চরাঞ্চলের সীমানা চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়নি। ফলে প্রতিবছর ধান কাটার মৌসুমে সীমানা বিরোধ ও সীমানা লংঘন নিয়ে খুন, জখম, সংঘর্ষ, মামলা ও ধান লুটের ঘটনা ঘটছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2005, 08:45 AM

Updated : 26 Apr 2022, 06:24 PM

এ ঘটনার জের ধরে মামলা ও পাল্টা মামলায় হতদরিদ্র কৃষকরা নিঃস্ব থেকে নিঃস্বতর হচ্ছে। দিনের পর দিন এসব ঘটনায় লাভবান হচ্ছে জোতদার, লাঠিয়াল, ভূমি দালাল এবং রাজস্ব বিভাগের কতিপয় দুর্নীতি পরায়ন কর্মকর্তা-কর্মচারী।

পটুয়াখালীর দশমিনা উপজেলার চর হাদী, চর বোরহান, চর শাহজালাল, চর বাশবাড়িয়া ও চর সামাদ-এর সাথে সীমানা বিরোধ নিয়ে ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার চর মোতাহার ও লাল মোহন উপজেলার চর কচুয়ার সীমানা বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে সংঘাত চলে আসছে। প্রায় একশ’ বছর আগে তেতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে জেগে উঠা চরগুলোতে নিঃস্ব ও ভূমিহীন পরিবারগুলো আশ্রয় নিয়ে চাষাবাদ করছে।

১৯৮২-৮৩ অর্থবছরে ওই সকল চরে ভূমিহীনদের মাঝে স্ব-স্ব অবস্থানে থাকা চরের খাস জমি বন্দোবস্ত দেয়া হয়। কিন্তু দীর্ঘ তিন যুগ অতিবাহিত হলেও চূড়ান্তভাবে চরের সীমানা নির্ধারণ করে দেয়া হয়নি।

পরবর্তীতে ২০০১ সালের ২১ অক্টোবর দুই জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, দশমিনা ও লাল মোহন উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়, সংশ্লিষ্ট ইউপি’র জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও কৃষক নেতাদের সমন্বয়ে বিরোধ মীমাংসা বৈঠক হয়।

এ বৈঠক শেষে বন্দোবস্ত জমিতে অবস্থানরত কৃষকদের জমি ভোগ দখল করতে বলা হয়। এসময় অনির্ধারিত একটি পিলারও বসানো হয়।

এর কিছুদিন পর দশমিনা উপজেলার চর বোরহান ও চর ফ্যাশন উপজেলার চর মোতাহারের ভূমিহীন কৃষকদের মাঝে চরের সীমানা নিয়ে সংঘর্ষ হয়। এতে অর্ধশত কৃষক আহত হয়।

পরে ৯ ডিসেম্বর দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তখনও অনুরূপ সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু তাতেও জটিলতার নিরসন হয়নি।

ওই সকল চরে কি পরিমাণ জমি আছে তার সঠিক কোন পরিসংখ্যান নেই। নতুন জেগে উঠা চরের জমি নিয়ে জটিলতা আন্তঃজেলা, আন্তঃউপজেলা সীমানা নিয়ে প্রায় তিন যুগ ধরে কয়েক দফা বৈঠক হলেও এর কোন সুষ্ঠু মীমাংসা হয়নি।