বগুড়ায় মুক্তিযোদ্ধা সংসদ অফিসের পাশে বোমা হামলা
বগুড়ার গাবতলী উপজেলা সদরে মুক্তিযোদ্ধা সংসদ অফিসের পাশের মার্কেটের ছাদে বুধবার রাতে দুর্বৃত্তরা বোমা হামলা চালিয়েছে।
হামলা চালিয়ে তিন যুবক সটকে পড়ে। তাদের সনাক্ত করা যায়নি। ভয়ে পথচারিরা ছুটোছুটি করে এবং দোকানপাট বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৭টার দিকে গাবতলী থানার কাছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ অফিসের পাশের মার্কেটের ছাদে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমা হামলায় তিন ব্যক্তি অংশ নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
বিকট শব্দে বোমা বিস্ফোরণের পর প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এসময় ওই এলাকায় জনগণের মাঝে ব্যাপক আতংক দেখা দেয়। মূহূর্তের মধ্যে সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত সংগ্রহ করে।
গাবতলী থানার ডিউটি অফিসার সানোয়ার হোসেন জানান, বোমাটি হয় সেখানে রাখা ছিল, অথবা কেউ দূর থেকে নিক্ষেপ করেছে।
