২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের কয়েকটি স্থানে বোমা মেরে শিক্ষা প্রতিষ্ঠান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি

ইসলামী শিক্ষা চালু না করা হলে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিইটসহ দেশের আরো কয়েকটি স্থানের শিক্ষা প্রতিষ্ঠান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠির মাধ্যমে এসব হুমকি দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

বিডিনিউজ বগুড়া প্রতিনিধি জানান, ইসলামী শিক্ষা চালুর দাবিতে জেএমবি বগুড়া পলিটেকনিক ইন্সস্টিটিউট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

চিঠির মাধ্যমে মঙ্গলবার বিকেলে এ হুমকি দেওয়া হয়। এর আগে বগুড়ার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠান এবং একটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে ব্যাপক আতংক দেখা দেয়।

সংশি¬ষ্ট সূত্র জানায়, চিঠিটি ডাকযোগে পলিটেকনিক ইন্সস্টিটিউটের অধ্যক্ষের হাতে পৌঁছে। বাংলা ও ইংরেজিতে লেখা চিঠিতে তিনদিনের মধ্যে কলেজে ইসলামী শিক্ষা চালুর দাবি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ইসলামী শিক্ষা চালু করা না হলে যে কোনও দিন পাঁচটি বোমা মারা হবে।

চিঠির প্রেরক হিসেবে ‘বিধাতা বিভ্রাট’ ও শেষাংশে ‘ইতি জেএমবি’ লেখা রয়েছে। এদিকে অধ্যক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনকে অবহিত করেন। পরে ডিজির নির্দেশে ক্লাস ও পরীক্ষা অব্যাহত রাখা হয়।

পুলিশ ক্যা¤পাসের নিরাপত্তা জোরদার করে।

বিডিনিউজ বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার শহীদ আ. রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজে বুধবার বিকেল ৩টায় চিঠির মাধ্যমে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি।

কলেজ অধ্যক্ষ রমেশ সাহা জানান, জঙ্গি বাহিনী চিঠির মাধ্যমে জানিয়েছে, এই কলেজে বিজ্ঞান শিক্ষা বন্ধ করে ইসলামী শিক্ষা অন্তর্ভুক্ত করতে হবে নইলে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।

অধ্যক্ষ জানান, কলেজের ম্যানেজিং কমিটির দায়িত্বে নিয়োজিত স্থানীয় সাংসদ জহির উদ্দিন স্বপনের সাথে যোগাযোগ করে থানায় সাধারণ ডায়েরি করা হবে।

এদিকে আগৈলঝাড়ায় কর্মরত জাতীয় ও স্থানীয় পত্রিকার সাত সাংবাদিককে ১৩ ডিসেম্বর মঙ্গলবার হত্যার হুমকি দিয়েছে জঙ্গি বাহিনী।

বিডিনিউজ ঝালকাঠি প্রতিনিধি জানান, জেএমবির নামে চিঠি পাঠিয়ে ঝালকাঠির রাজাপুরের সহকারী সেটেলমেন্ট অফিসার গোলাম মাওলাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। বুধবার দুপুরে তিনি ডাকযোগে এ চিঠিটি পান। পরে এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়। হাতে লেখা চিঠিতে পাঠানোর তারিখ ৪ ডিসেম্বর লেখা থাকলেও তা কোথা থেকে পাঠানো হয়েছে, তা সুস্পষ্ট নয়।