শায়খ রহমানের ভাই সানির গ্রেপ্তারে জেএমবি’র সামরিক নেটওয়ার্কে ধস
ইসলামী জঙ্গি সংগঠন জেএমবি’র সামরিক শাখার প্রধান শায়খ আ. রহমানের ছ্টো ভাই আতাউর রহমান সানি গ্রেপ্তারের পর জেএমবি’র সামরিক নেটওয়ার্ক মূলত ভেঙে গেছে।
দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলার পরই আত্মগোপনে গিয়ে একের পর এক আত্মঘাতী বোমা হামলা এবং টেলিফোনে হুমকি দিয়ে যাচ্ছিল সানি এবং তার সামরিক বাহিনীর সদস্যরা।
এর আগে জেএমবি’র অপর তিন শীর্ষ সামরিক কমান্ডার র্যাব ও পুলিশের হাতে ধরা পড়ে। ধরা পড়ার আগে তারা ঝালকাঠী, গাজীপুর, চট্টগ্রাম এবং নেত্রকোণায় আত্মঘাতী হামলা চালায়। এই তিন অপারেশনাল কমান্ডার ধরা পড়ার পর মূলত মনোবল হারিয়ে ফেলে জেএমবি’র মাঠপর্যায়ের কর্মীরা। ফলে বিভিন্ন এলাকায় প্রতিদিনই ধরা পড়তে থাকে একের পর এক জেএমবি সদস্য।
সর্বশেষ সানির গ্রেপ্তারের পর তাদের কোমর পুরোপুরি ভেঙে গেছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।
জেএমবি’র মজলিশ--ই--শূরা’র শীর্ষ সাত নেতার পরই ছিল আতাউর রহমান সানির অবস্থান।
তথাকথিত ইসলামী জেহাদের নামে জঙ্গি এই সংগঠন দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক, দল বিশেষ করে জামাত, ইসলামী ঐক্যজোট, প্রশাসন ও পুলিশের নাকের ডগায় ও মদদে দেশব্যাপী তাদের কার্যক্রম বিস্তার করে।
জেএমবি’র সাংগঠনিক কাঠামোয় সর্বোচ্চ স্তরের নাম ইশার। যারা সার্বক্ষণিক কর্মী হিসেবে কাজ করছে, তারাই এ সর্বোচ্চ স্তরের সদস্য। দ্বিতীয় স্তরের নাম গায়েরে ইশার। এতে কমপক্ষে ১০,০০০ খণ্ডকালীন কর্মী রয়েছে। সবচেয়ে নিচের স্তরে যারা রয়েছে, তারা পরোক্ষভাবে সংগঠনের সাথে জড়িত। সাধারণত কোল্ড স্টোরেজ এবং চিংড়ি ব্যবসা থেকে সংগঠনটি তহবিল সংগ্রহ করে। লাদেনের সাথে যুদ্ধ করেছেন, এমন কমপক্ষে ২০ জন সদস্য দলে রয়েছেন, যারা আফগানিস্তানের আল ফারুক প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন বলে একাধিক গোয়েন্দা সূত্র জানায়।
এছাড়া জেএমবি জেহাদের নামে দীর্ঘ ১৫ বছরে গড়ে তোলে শক্তিশালী সামরিক শাখা। এই সামরিক শাখার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় শায়খ রহমানের ছোট ভাই সানিকে। এই শাখার উপশাখা হিসেবে আত্মঘাতী স্কোয়াড, বিস্ফোরক সংগ্রাহক দলসহ অনেকগুলো উপশাখা গঠন করা হয়।
এসব শাখার প্রধান হিসেবে ২৫ জন তরুণকে মনোনীত করে দেশের ২৫টি অঞ্চলকে বিভক্ত করে সেসব অঞ্চলে নাশকতামূলক কাজ পরিচালনার জন্যে তাদের আদেশ দেওয়া হয়। এসব সদস্য দীর্ঘদিন ধরে ছদ্মনামে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থেকে পরিচালনা করেছে জেএমবি’র কার্যক্রম।
এছাড়া গড়ে তোলা হয় তথ্য ও প্রযুক্তি শাখা। এর দায়িত্ব দেওয়া হয় সিলেটের স্থানীয় এক জামাত নেতার ছেলে শামীমকে। ড্যাফডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শামীমকে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের পর গ্রেপ্তার করে সিলেট র্যাব।
জেএমবি’র ২৫ জন রিজিওনাল কমান্ডারের মধ্যে এখন পর্যন্ত ধরা পড়েছে তিনজন।
এরা হল-- শায়খ আবদুর রহমানের জামাতা আবদুল আউয়াল, এনায়েতুল্লাহ ওরফে জুয়েল এবং শামীম ওরফে সাইফুল ওরফে গালিব।
জেএমবি’র গ্রেপ্তারকৃত ঢাকা অঞ্চলের অপারেশনাল কমান্ডার এনায়েতুল্লাহ ওরফে জুয়েলের স্বীকারোক্তিমূলক বক্তব্য থেকে জানা যায়, সারা দেশের ২৫টি অঞ্চলকে ভাগ করে ২৫ জন প্রশিক্ষিত সদস্যকে কমান্ডার হিসেবে মনোনীত করা হয়েছে।
২৫ নভেম্বর পুলিশের শক্তিশালী দল ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জেএমবি’র উত্তরাঞ্চলীয় কমান্ডার আব্দুল আউয়ালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আবদুল আউয়াল জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের জামাতা। আবদুল আওয়ালকে গ্রেপ্তারের মাধ্যমেই জেএমবি’র উত্তরাঞ্চলের নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়।
গাজীপুরে ১ ডিসেম্বর আত্মঘাতী বোমা হামলার পর ৬ ডিসেম্বর পুলিশ গাজীপুর থেকে ঢাকা অঞ্চলের রিজিওনাল অপারেশনাল কমান্ডার এনায়েতুল্লাহ ওরফে জুয়েলকে গ্রেপ্তার করে।
এছাড়া কুমিল্লা--চাঁদপুর--ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের রিজিওনাল কমান্ডার শামীম ওরফে সাইফুল ওরফে গালিবকে ১৭ আগস্ট বোমা বিস্ফোরণের পর কুমিল্ল¬ার কাকিয়ারচর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
