জেএমবি সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি গ্রেপ্তার, ৬ষ্ঠ লিড
নিষিদ্ধঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ--এর সামরিক শাখার কমান্ডার এবং জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের ছোট ভাই আতাউর রহমান সানিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব--এর উর্ধ্বতন সূত্রগুলো বুধবার বিডিনিউজকে এ খবর নিশ্চিত করে।
দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলার পর জঙ্গিবিরোধী অভিযানে এটিই র্যাব--এর সবচেয়ে সফল অভিযান।
র্যাব--এর উর্ধ্বতন এক সূত্র জানায়, তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে অভিযান চালিয়ে মঙ্গলবার সানিকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে র্যাব ও পুলিশের প্রায় ১,০০০ সদস্য অংশগ্রহণ করে। পরে সানিকে নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালানো হয়।
সূত্র জানায়, সানির দেওয়া তথ্য অনুযায়ী উত্তর মান্ডার একটি বাসা থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা বিপুল সংখ্যক গ্রেনেড, দেশি পিস্তল ও বিস্ফোরকসহ সানির অপর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া প্রচুর পরিমাণ ইসলামী বইও সানির ভাড়া করা ওই বাসা থেকে উদ্ধার করা হয়।
অভিযানকালে র্যাব সানির উত্তর মান্ডার আস্তানা থেকে ২৭টি গ্রেনেড, ২৪টি দেশি পিস্তল, বিপুল পরিমাণ বিস্ফোরক, গুলি তৈরির ডাইস এবং জেহাদী অনুপ্রেরণামূলক প্রচুর বই উদ্ধার করে বলে র্যাব সূত্র জানায়।
র্যাব গ্রেপ্তারকৃত অপর দুই ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।
একটি সূত্র জানায়, উদ্ধার করা বিস্ফোরক দিয়ে রাষ্ট্রের বেশ ক’টি গুরুত্বপূর্ণ স্থাপনা একসাথে উড়িয়ে দেওয়া সম্ভব।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক আবদুল আজিজ সরকার গ্রেপ্তারের খবর স্বীকার বা অস্বীকার কিছুই করেননি।
বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি বলেন, আমরা একজনকে ধরেছি। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি। আজিজ সরকার টেলিফোনে বিডিনিউজকে এ কথা বলেন।
এর আগে সরকার জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান এবং অপর নিষিদ্ধ সংগঠন জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ--এর (জেএমজেবি) প্রধান বাংলা ভাইকে গ্রেপ্তার করার জন্যে ৫০ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করে।
বিশেষজ্ঞরা মনে করছেন, দেশ ও জাতির নিরাপত্তা বিঘœকারী সানিকে গ্রেপ্তারের পর জেএমবি’র সামরিক নেটওয়ার্ক মূলত ভেঙে গেছে। সানির গ্রেপ্তারের পর তাদের কোমর পুরোপুরি ভেঙে গেছে বলে দাবি করেন বিশেষজ্ঞরা।
একজন সামরিক বিশেষজ্ঞ বলেন, সানি যদি জেএমবি’র সামরিক শাখার প্রধান হয়ে থাকে, তাহলে তাকে গ্রেপ্তারের পর পুরোপুরি বন্ধ হয়ে যাবে তাদের অস্ত্র ও বিস্ফোরক সরবরাহ। ভেঙে যাবে আত্মঘাতী স্কোয়াডের সদস্যদের মনোবল।
অবশ্য সানির গ্রেপ্তারের পর দেশব্যাপী এর প্রতিশোধ হিসেবে বিচ্ছিন্ন হামলার সম্ভাবনাও উড়িয়ে দেননি ওই বিশেষজ্ঞ।
দেশব্যাপী ১৭ আগস্ট বোমা হামলা, ঝালকাঠী, গাজীপুর, চট্টগ্রাম এবং নেত্রকোণায় আত্মঘাতী হামলার পর সারা দেশের মানুষ আতঙ্কের মাঝে দিন যাপন করছিল। ওই হামলাগুলোয় নিহত হয় বিচারক, উকিল, পুলিশসহ নিরীহ মানুষজন।
সানির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে দেশের মানুষের মাঝে স্বস্তি ছড়িয়ে পড়ে।
জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের ছোট ভাই সানিকে কড়া পাহারায় র্যাব--এর হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার অন্যতম আসামি সানি। ধারণা করা হয়, সে দেশের বিভিন্ন এলাকায় আত্মঘাতী বোমা হামলার মূল পরিকল্পনাকারী।
এদিকে জেএমবি’র প্রধান শায়খ আবদুর রহমান গ্রেপ্তার হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে এমন গুজব দেশব্যাপী ছড়িয়ে পড়ে।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ‘জাতির জন্য সুসংবাদ রয়েছে’-- এমন উক্তি এবং তার পরপরই আইন--শৃংখলা রক্ষাকারীদের প্রতি গণমাধ্যমের কাছে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপের কারণে এ গুজব শক্তিশালী হয়।
যুবলীগ সাধারণ সম্পাদক মির্জা আজম এমপি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সরকার শায়খ আবদুর রহমানকে গ্রেপ্তার করে তা গোপন করছে এবং বোমা হামলার সাথে বিরোধী দলকে জড়ানোর জন্যে তাকে (শায়খ রহমান) দিয়ে জবানবন্দি আদায়ের চেষ্টা করছে।
উল্লেখ্য, শায়খ রহমান মির্জা আজমের ভগ্নিপতি।
সংবাদ সম্মেলনে মির্জা আজম আরও জানান, ১৯৯৬ সাল থেকে তিনি (আজম) বা তার পরিবারের সঙ্গে শায়খ আবদুর রহমান এবং তার পরিবারের কোনও সম্পর্ক নেই।
তিনি (আজম) শায়খ আবদুর রহমানকে রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
