জঙ্গি প্রতিরোধের আহ্বান জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা তারামন বিবি
মুক্তিযোদ্ধা তারামন বিবি বীর প্রতীক সাম্প্রতিক জঙ্গি তৎপরতা ও হামলায় উদ্বেগ প্রকাশ করে জঙ্গিবাদ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।
বিডিনিউজের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শান্তিতে থাকবো বইল্যা রক্তের বন্যা বহাইয়্যা দ্যাশ স্বাধীন করছিলাম। অহন ধর্মের নামে পুরান শকুন জঙ্গি সাইজা দ্যাশটারে ধ্বংস করতে চাইতাছে। দ্যাশ বাঁচানোর লাইগ্যা অহন জঙ্গিগো ধ্বংস করতে হইব।”
ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম থেকে ইর্স্টান কমান্ড ফোর্ট উইলিয়াম আয়োজিত বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে কলকাতা রওনা দেওয়ার প্রাক্কালে তিনি কথাগুলো বলেন।
তারামন বিবি বলেন, “পাকিস্তানি বাহিনীরে সাহায্য কইরা যারা দ্যাশটারে তাবেদার বানাইতে চাইছিল- তারাই জঙ্গি সাইজ্যা দ্যাশ ধ্বংসের পায়তারা করতাছে। শরীরে রক্ত থাকতে এইড্যা মাইনা নেওয়া যায় না।”
তিনি স্বাধীনতার পক্ষের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ফের লড়াই করন লাগবো। এই বিজয় দিবসে প্রতিজ্ঞা করন লাগবো- জঙ্গি শকুনদের ধ্বংস না কইরা আমরা ঘরে ফিরমু না।”
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তারামন বিবি তার বীরত্বের জন্য বীর প্রতীক উপাধি পেয়েছিলেন।
