২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতি গভীর শ্রদ্ধাভরে বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে

জাতি বুধবার গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা পৃথক বাণী দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 06:23 PM

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকার, আল বদর, আল শামস--এর সহায়তায় এদেশের শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, চিকিৎসকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে।

পরাজয় নিশ্চিত জেনে এদেশকে মেধাশূণ্য করার উদ্দেশ্যে যুদ্ধের শেষ পর্যায়ে হানাদাররা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড বাড়িয়ে দেয়।

তারা রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে রাজাকার, আল বদর, আল শামস--এর সহায়তায় খুঁজে খুঁজে দেশের বরেণ্য, লেখক, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলীদের হত্যা করে।

এ প্রেক্ষাপটে প্রতিবছর গভীর শ্রদ্ধার সাথে দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়।

শহীদ বুদ্ধিজীবীদের হত্যার বিচারের দাবিতে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একটি মামলা হলেও আজ পর্যন্ত এ মামলার অগ্রগতির কোনও খবর পাওয়া যায়নি।

প্রতিবছরের মতো এবারও দিনটি পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে-- সকালে মীরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

বুধবার সকালে বুদ্ধজীবী দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রী মীরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। 

দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)--র কর্মসূচির মধ্যে রয়েছে-- ভোরে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বেলা ১১টায় মীরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং বিকেলে মহানগর নাট্যমঞ্চে আলোচনাসভা।

প্রধান বিরোধী দল আওয়ামী লীগও দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ৬টায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ও রায়ের বাজার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং বিকেল ৩টায় বঙ্গবন্ধু জাদুঘর সংলগ্ন মাঠে  আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে। এছাড়া বিকেল সাড়ে ৩টায় বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সুধাসদনে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সাথে সাক্ষাৎ করবেন।