দেশের বিভিন্ন এলাকা থেকে বোমা এবং বোমা-সদৃশ বস্তু উদ্ধার
র্যাব এবং পুলিশ মঙ্গলবার দেশের বিভিন্ন এলাকা থেকে বোমা ও বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে।
রাজধানীর তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন পরিষদের নলবোগ গ্রামের একটি চায়ের দোকান থেকে পুলিশ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে একটি বড় আকৃতির বোমা উদ্ধার করেছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নলবোগ গ্রামের একটি চায়ের দোকানদার সকালে দোকান খুলতে এসে দেখে তার বন্ধ দোকানের সামনে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো একটি বড় আকৃতির বোমা রশি দিয়ে ঝুলানো অবস্থায় রয়েছে।
ওই চায়ের দোকানদারসহ এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ এসে বোমাটি উদ্ধার করে।
তুরাগ থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই মাসুদ বিডিনিউজকে জানান, বোমাটির গায়ে আরবী হরফে কিছু লেখা রয়েছে। বোমাটি আসল না নকল সে ব্যাপারে কিছু জানা যায়নি।
বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট-খুলনা মহাসড়কে সার্কিট হাউজের কাছে সোমবার রাত পৌণে নয়টার দিকে পুলিশ একটি বোমা উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এলাকাবাসী সার্কিট হাউজের কাছে বোমাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
