মেট্রো মেকার্স এবং ডেভেলাপারস লিমিটেডের মালিকানা নিয়ে বিরোধ চরমে
মেট্রো মেকার্স’র অংশীদাররা মালিকানা নিয়ে স্পষ্টতঃই দুইটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন।
ব্যবস্থাপনা পরিচালক এএফএম জাহাঙ্গীর এবং সহকারী ব্যবস্থাপনা পরিচালক মঈনুল ইমরান চৌধুরীর সাথে ৬০ শতাংশের মালিক আবু সুফিয়ান, মারুফ সাত্তার ও সাখাওয়াৎ হোসেন মামুনের বনিবনা নেই বহুদিন ধরে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এ বিরোধিতার জের ধরে মধুমতি মডেল টাউনের কাজ থমকে রয়েছে। তারা যেকোন মুহুর্তে কোম্পানীর সকল কার্যক্রম বন্ধ হবারও আশংকা করছেন।
কোম্পানীর অংশীদাররা ব্যবস্থাপনা পরিচালক ও সহকারী ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন চুক্তি ও মধুমতি মডেল টাউনের জমি বিক্রির হিসাবপত্র উপস্থাপন না করার অভিযোগ তুলেছেন।
উল্লেখ্য বিক্রিত অর্থের পরিমাণ প্রায় ২১০ কোটি টাকা। তারা আরও অভিযোগ করেন, এ দুই ব্যক্তি নিজ সিদ্ধান্তে আমেরিকান ইউনিভার্সিটি বাংলাদেশ’র কাছে মাত্র ৬০ লাখ টাকায় ৩০ বিঘা জমি বিক্রি করেছেন। যার আনুমানিক মূল্য ২০ কোটি টাকার মত।
এছাড়াও বোর্ডের অনুমতি ব্যতিরেকে ব্যবস্থাপনা পরিচালক প্রতি মাসে দুই লাখ টাকা করে তুলেছেন। এমনকি দায়ী দুইজনের বিরুদ্ধে চেয়ারম্যান আবু সুফিয়ানের সই জাল করার অভিযোগও উত্থাপিত হয়েছে।
জয়েন্ট স্টক কোম্পানীর কাছে আবু সুফিয়ান এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সম্প্রতি নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান আবু সুফিয়ান কোম্পানীর হিসেবপত্র চাওয়া থেকে এ বিরোধের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
ভাইয়া গ্র“পের প্রতিষ্ঠান মেট্রো মেকার এ্যান্ড ডেভেলাপারস সম্পর্কে গ্র“পটির চেয়ারম্যান মাকসুদ আলী বিডিনিউজকে জানান, ‘ব্যবস্থাপনা ও সহকারী ব্যবস্থাপনা পরিচালক আমাদের বিশ্বাস ভঙ্গ করেছেন। বোর্ডের আগামী সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেয়া হবে।’
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আবু সুফিয়ান কোম্পানীর প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। পরবর্তীতে কোম্পানীটির বিস্তারের কথা মাথায় রেখে তিনি ৪৪,৮০০ শেয়ার হাতে রেখে মোহাম্মদ এএফএম জাহাঙ্গীর, সহকারী ব্যবস্থাপক মঈনুল ইমরান চৌধুরী, মাকসুদ আলী ও মোমিন আলীকে ভাইয়া গ্র“পের পক্ষ থেকে কোম্পানী পরিচালনার দায়িত্ব দেন।
বেশিরভাগ অংশীদারই এএফএম জাহাঙ্গীরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন।
এ সম্পর্কে বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান বিডিনিউজকে বলেন, ‘ কোম্পানীর এবং ভোক্তাদের স্বার্থে আমরা এ দুইজনকে নিয়োগ দিয়ে ব্যাপক ক্ষতির সম্মূখীন হয়েছি। হিসেবপত্র এখনই না পেশ করলে আমরা এদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতেও দ্বিধা করব না।
